খাল ভরাট করে রাস্তা ও স্থাপনা নির্মাণ

বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়া ও হরিণাফুলিয়া এলাকার মধ্যবর্তী খালটি ভরাট করা হচ্ছে। রাস্তা ও স্থাপনা নির্মাণের নামে ভরাটকাজ চলছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের রুইয়া-টেক্সটাইল এবং হরিণাফুলিয়া এলাকার মাঝখানে অনেক জায়গায় খালের অংশ দখল হয়ে গেছে। প্রায় এক বছর আগে রুইয়া-টেক্সটাইল সড়ক এলাকায় ওই খালে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মাণ করেছেন আবদুল মান্নান ফরাজী নামের এক ব্যক্তি। সেখানে খালের পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এর পাশে স্থাপনা নির্মাণ করছেন জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি। তিনি নির্মাণসামগ্রী ও মাটি ফেলে খালের অর্ধেক ভরে ফেলেছেন। ওই বাড়ির কাঁচা শৌচাগার স্থাপন করা হয়েছে খালে।
এ সময় খাল ভরাট করে রাস্তা নির্মাণকারী রুইয়া এলাকার বাসিন্দা আবদুল মান্নান ফরাজীকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বরও দেননি তাঁর স্ত্রী। তিনি বলেন, ‘খাল পানিতে ভরে থাকলে চলাচলে সমস্যা হয়। চার (সাঁকো) দিয়ে রাখা যায় না। সেই কারণে চলাচলের জন্য বাঁধ দেওয়া হয়েছে।’
পরে দুপুরে মান্নান ফরাজী মুঠোফোনে বলেন, ওই খাল অনেকেই ভরে ফেলেছেন। খালে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। কেউ কেউ শৌচাগার নির্মাণ করেছেন। পানির প্রবাহ ঠিক রাখার জন্য নিচে পাইপ দিয়ে খালে বাঁধ দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম জানেন বলে জানান তিনি।
ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম বলেন, মান্নান কম টাকায় পাইপ বসিয়ে পানিপ্রবাহ ঠিক রেখে রাস্তা তৈরি করবেন বলেছিলেন। তবে এখন খালের দখল হওয়া অংশটুকুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
রুইয়া এলাকার বাসিন্দা হাতেম আলী সিকদার অভিযোগ করেন, খালটি এখান থেকে নবগ্রাম রোড থেকে সিঅ্যান্ডবি সড়ক হয়ে জেলখাল থেকে প্রায় আট কিলোমিটার দূরে কীর্তনখোলা নদীর সঙ্গে মিশেছে। কিন্তু সিটি করপোরেশন থেকে ভরাটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। খালের অনেক স্থানে ভরাট হয়ে যাওয়ায় পানিপ্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হবে।
এদিকে এক মাস ধরে খালের পাশে স্থাপনা নির্মাণ করছেন একই এলাকার জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘খাল সরকারি কি না, জানি না। তবে আমরা খাল দখল করিনি। বাড়ির কাজ করতে গিয়ে কিছু মাটি খালে ফেলেছি। কাজ শেষে সেগুলো তুলে ফেলব।’
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বলেন, খাল ভরাট এবং দখল করে স্থাপনা নির্মাণ করা হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বরিশালের সব খাল খনন, সংস্কার ও সংরক্ষণের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে। বর্তমানে ওই প্রকল্প প্ল্যানিং কমিশনে রয়েছে। প্রকল্প অনুমোদন করা হলে সব খাল খননে উদ্যোগ নেওয়া হবে।