খালপাড়ে যারা, তারাই লেকপাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে খালের মধ্যে যারা অস্ত্র ফেলে রেখে গিয়েছিল, তারাই পঞ্চবটি এলাকার লেকপাড়ে ইলেকট্রনিক ডিভাইস ফেলে রেখে গেছে বলে মনে করছে ডিবি। তবে কারা এগুলো ফেলে রেখে গেছে, তার কোনো সূত্র খোঁজে পায়নি তারা। উদ্ধার করতে পারেনি অস্ত্র বহনে ব্যবহৃত গাড়ি।
ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কারা, কেন এগুলো ফেলে রেখে গেল, সে বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। দুটি জায়গায়ই একইভাবে ফেলে রেখে গেছে, তাই প্রাথমিকভাবে মনে হচ্ছে, একই ব্যক্তি বা গোষ্ঠী এগুলো ফেলে রেখে গেছে।’ ছানোয়ার বলেন, অস্ত্রের উৎসের সন্ধানের বিষয়ে কিছু পদ্ধতিগত বিষয় থাকে। সেগুলো অবলম্বন করেই খোঁজা হচ্ছে। যে গাড়ি দিয়ে ফেলে যাওয়া হয়েছিল, সেটিরও সন্ধান চলছে। রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে ১৮ ও ১৯ জুন ৯৭টি পিস্তল, ৪৯৪টি ম্যাগাজিন ও ১ হাজার ৬০টি গুলি উদ্ধার করে পুলিশ। এসব অস্ত্রের গায়ে যে দেশে তৈরি হয়েছে তার নাম, সিরিয়াল নম্বর, অস্ত্র কোম্পানির নাম কিছুই লেখা ছিল না।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত শনিবার পঞ্চবটি এলাকার একটি লেকপাড় থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে পুলিশ। পঞ্চবটি জায়গাটি দিয়াবাড়ির খাল এলাকা থেকে আধা কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।