খালাতো ভাইকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে খালাতো ভাইকে হত্যার অভিযোগে মো. আলমগীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, নগরের বায়েজিদ বোস্তামী টেক্সটাইল গেট এলাকায় আবদুল কাদেরের (২৫) খুচরা জ্বালানি তেল বিক্রির দোকানে কাজ করতেন তাঁর খালাতো ভাই আলমগীর (২৪)। গত বুধবার সন্ধ্যায় তেল মাপতে গিয়ে ১০ লিটার ডিজেল মাটিতে ফেলে দেওয়ায় আলমগীরকে মারধর করেন কাদের। এতে ক্ষিপ্ত হয়ে ভোর রাতে দোকানের ভেতর ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে কাদেরের মাথায় আঘাত করেন আলমগীর। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কাদেরকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় আলমগীরকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেছেন কাদেরের মা রাশেদা বেগম।
নিহত আবদুল কাদেরের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।