খালি গ্যাস সিলিন্ডারে ইয়াবা ভরে পাচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস সিলিন্ডার ও আচারের বস্তায় ইয়াবা বড়ি ভরে পাচারের সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ও গত শনিবার চট্টগ্রাম নগরের পাঁচটি এলাকায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা পাচারের অভিনব এসব কৌশল ধরা পড়ে। এসব অভিযানে ৩৪ হাজার ৩০০ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল সকালে শাহ আমানত সেতু এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত না মেনে চালক দ্রুতগতিতে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে সেতু থেকে একটু দূরে ট্রাকটি থামানো হয়। পরে ট্রাকে থাকা খালি গ্যাস সিলিন্ডারগুলো তল্লাশি করে একটি সিলিন্ডারের ভেতর ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় ট্রাকচালক মো. হোসেন ও তাঁর সহকারী জহির আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেন, অভিনব এই কৌশল ব্যবহার করে কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রাম নগরে তাঁরা নিয়মিত ইয়াবা নিয়ে আসতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে।
এদিকে নগরের পতেঙ্গা থানার নেভাল এলাকা থেকে ৫ হাজার ইয়াবা বড়িসহ মো. ফরহাদ নামের এক মাদক ব্যবসায়ীকে গতকাল সকালে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
এ ছাড়া শনিবার রাতে নগরের রেয়াজউদ্দিন বাজারের একটি মার্কেটে অভিযান চালায় পুলিশ। মার্কেটের একটি আচারের দোকানে বস্তার ভেতর থেকে ৬ হাজার ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, ইয়াবা জব্দের ঘটনায় দোকান কর্মচারী মো. আবদুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রয়েছেন দোকানের মালিক ইকবাল হোসেন। পাচারের জন্য আচারের বস্তায় ইয়াবা লুকিয়ে রাখার কথা গফুর স্বীকার করেছেন বলে জানান তিনি।
শনিবার রাতেই নগরের অক্সিজেন মোড় থেকে ৬ হাজার ৩০০ ইয়াবাসহ কবির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক তদন্ত মঈন উদ্দিন। এ ছাড়া গতকাল সকাল সাড়ে ছয়টায় দিকে অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুন পাড়া এলাকা থেকে ৭ হাজার ইয়াবাসহ মো. ইউনুস ও জাহিদ কবির নামের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পরিদর্শক মঈন। তিনি বলেন, গ্রেপ্তার তিন আসামির বাড়ি কক্সবাজারের টেকনাফে। তাঁরা টেকনাফ থেকে ইয়াবা এনে নগরে খুচরা ও পাইকারি বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।