খালিয়াজুরীতে উপজেলা চেয়ারম্যান 'অবাঞ্ছিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান শোয়েব ও তাঁর বড় ভাই সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোশেফকে গতকাল সোমবার ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।

দলীয় কর্মীকে ‘হত্যার পরিকল্পনার’ পেছনে থাকার অভিযোগ এনে তাঁদের গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগের ‘সাবেক’ সদস্য ছানোয়ারুজ্জামান আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। তাঁর ছোট ভাই শামছুজ্জামান উপজেলা যুবলীগের সভাপতি।

উপজেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা-কর্মী প্রথম আলোকে জানিয়েছেন, ২২ মার্চ সন্ধ্যায় ভোট গণনার সময় বিশৃঙ্খলাকে কেন্দ্র করে সদর ইউপির আদাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুলিশ-জনতার সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম আবু ইসহাকের ছোট ভাই যুবলীগের কর্মী গোলাম কাউছার গুলিতে নিহত হন। এ ঘটনায় ওই দিন গভীর রাতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক ও পরদিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা করেন।

এ ছাড়া এই ঘটনায় কাউছারের পরিবারের পক্ষ থেকে ২৬ মার্চ খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান, তাঁর ভাই ছানোয়ারুজ্জামান, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক (এসআই) ফজলুল হকের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ দেন। এরপর থেকে পুলিশের করা মামলা প্রত্যাহার, কাউছারের পরিবারের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্তকরণ, হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, আদাউড়া ভোটকেন্দ্রে আবার ভোট গ্রহণসহ নানা দাবিতে স্থানীয় আওয়ামী লীগ লাগাতার কর্মসূচি পালন করে আসছে।

এর অংশ হিসেবে গতকাল বেলা দুইটার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান ও তাঁর ভাই ছানোয়ারুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, কাউছারকে পূর্বপরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যা পরিকল্পনার পেছনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাঁর ভাই রয়েছেন। তাই উপজেলা আওয়ামী লীগ তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করেছে।

এ ব্যাপারে ছানোয়ারুজ্জামানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে। শামছুজ্জামানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ধরেননি।