খালিয়াজুরীতে গুলিতে আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর ভাই নিহত
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) আদাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে গুলিতে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। পুলিশ তাঁকে গুলি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম গোলাম আবু কাউছার ওরফে কাউছার মিয়া (৩২)। তিনি খালিয়াজুরীর সদর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম আবু ইছহাকের ছোট ভাই।
গতকাল রাত আটটার দিকে মুঠোফোনে আবু ইছহাক বলেন, ‘শুনেছি আমার ভাই গুলি বিদ্ধ হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ফলাফল ঘোষণা করতে দেরি হওয়ায় আমার লোকেরা একটু ঝামেলা করেছিল।’ নিহত কাউছারের অপর ভাই আরিফুল ইসলাম দাবি করেছেন, পুলিশের গুলিতে তাঁর ভাই নিহত হয়েছেন।
রাত নয়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক গুলিতে একজন নিহত হওয়ার খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেন। তবে কী কারণে গুলি করা হয়েছে বা কারা গুলি করেছে, সে সম্পর্কে তখন পর্যন্ত তিনি কিছু বলতে পারেননি। তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খান মোহাম্মদ আবু নাসের ঘটনাস্থলে যাচ্ছেন। দুর্গম এলাকা হওয়ায় এখনো তিনি পৌঁছাননি।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ভোট গণনার পর ফল প্রকাশ করতে দেরি হওয়ায় কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা উত্তেজিত হয়ে উঠলে তাঁদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় এক পুলিশ সদস্য আহত হন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ গুলি ছুড়লে কাউছার গুলিবিদ্ধ হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জেলা প্রশাসক মুশফিকুর রহমান বলেন, ‘শুনেছি আওয়ামী লীগ-সমর্থিত একজন চেয়ারম্যান প্রার্থীর ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে কীভাবে, কার গুলিতে তিনি মারা যান, তা এখনো আমার কাছে স্পষ্ট হয়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’