খালে বাঁধ দিয়ে নেতার মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালে মাছ চাষ করার জন্য চরমিয়াজান বাজার এলাকার এই জলকপাট বন্ধ করে রাখা হয়েছে l প্রথম আলো
খালে মাছ চাষ করার জন্য চরমিয়াজান বাজার এলাকার এই জলকপাট বন্ধ করে রাখা হয়েছে l প্রথম আলো

গ্রামটির নাম চরমিয়াজান। এখানে প্রায় ৪০০ পরিবারের বসবাস। পেশায় তারা কৃষক ও জেলে। গ্রামটিতে কোনো নলকূপ নেই, একটিমাত্র সরকারি পুকুর রয়েছে। তাও শুকনো মৌসুমে শুকিয়ে যায়। গ্রামটির মাঝখান দিয়ে বয়ে গেছে চরমিয়াজান খাল। ওই খালের পানির ওপর নির্ভরশীল ছিলেন গ্রামের কয়েক হাজার লোক। নলকূপ না থাকায় খাওয়া, গোসলসহ দৈনন্দিন ব্যবহারের প্রয়োজন মেটানো হতো ওই খালের পানি দিয়ে। কিন্তু প্রায় সাত বছর আগে খালটিতে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন ছাত্রলীগের স্থানীয় প্রভাবশালী এক নেতা। এ কারণে ওই খালটি এখন মরা খালে পরিণত হতে চলেছে। সীমাহীন ভোগান্তিতে আছেন ওই গ্রামের বাসিন্দারা।
এ অবস্থা পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান গ্রামে। ছাত্রলীগের ওই নেতার নাম মো. ছিদ্দিকুর রহমান। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
সম্প্রতি সরেজমিনে গেলে গ্রামের কয়েক শ নারী-পুরুষ মিছিল করতে থাকেন। মিছিলের স্লোগান ছিল: ‘আমরা বাঁচতে চাই, পানি চাই, পানি চাই’।
ফাতেমা বেগম (৩৫) নামের এক নারী বলেন, ‘স্যার, আমাগো দুঃখের শেষ নাই। কয়েক বছর তামাইত আমাগো গ্রামের হক্কোলের (সবার) গোসলের জন্যও এক মাইল পথ হাঁইটা নদীতে যাইতে হয়।’
চরমিয়াজান বাজারসংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ওই খালটি প্রবাহিত। খালটির মোহনায় পরপর দুটি বিশাল বাঁধ। প্রায় ২০০ মিটারের মাথায় একটি জলকপাট। জানা গেছে, জলকপাট থেকে ওই বাঁধ পর্যন্ত এলাকা দখল করে মাছ চাষ করছেন ছিদ্দিকুর রহমান। দীর্ঘদিন থেকে পানিপ্রবাহ বন্ধ থাকায় ওই খালের জলকপাটের পরের প্রায় দুই কিলোমিটার অংশ মরা খালে পরিণত হচ্ছে।
জলকপাটের সঙ্গে লাগানো সাইনবোর্ডের তথ্য অনুযায়ী ২০০০-০১ অর্থবছরে ৯ লাখ ৮৬ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জলকপাটটি নির্মাণ করে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের মানুষের উপকারের জন্য সরকারিভাবে খালটি একবার খননও করা হয়। ২০০৮ সালের ডিসেম্বরে খালটির মুখে বাঁধ দিয়ে এবং জলকপাট বন্ধ করে মাছ চাষ শুরু করেন ছিদ্দিকুর রহমান। তখন থেকে খালটি দিয়ে পানি সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে ওই গ্রামে পানির খুব সংকট। নলকূপ না থাকায় ওই গ্রামের বেশির ভাগ লোক বদ্ধ খালের পানি পান করেন ও রান্নাসহ গৃহস্থালির কাজে ব্যবহার করেন।
শাহ আলম পণ্ডিত (৩০) নামের এক কৃষক বলেন, ‘একটি পানির কল (নলকূপ) ছিল। হেইডাও নষ্ট অইয়া গেছে। খালের পানিই আমাগো জীবন। হেই খালডা আটকাইয়া (বন্ধ) দিয়া ছিদ্দিক মাছ চাষ করতাছে। আমরা এহন কী করমু? ক্যামনে বাঁচমু? খাল খুইলা দিয়া আমাগোরে বাঁচান।’
মানিক মাঝি (৬৫) নামের এক কৃষক বলেন, ‘খালটি বন্ধ করে দেওয়ার কারণে কয়েক বছর থেকে গ্রামের কয়েক হাজার একর জমি চাষাবাদ করতে কৃষকের অনেক কষ্ট হয়। শুকনো মৌসুমে জমি চাষাবাদের জন্য নদী থেকে পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করতে হয়। আবার বর্ষা মৌসুমে পানি বের হওয়ার কোনো পথ না থাকায় খেত তলিয়ে থাকে। কষ্টের শেষ নেই।’ ওই গ্রামের নারী-পুরুষ সবার দাবি, খালের বাঁধ কেটে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।
ছাত্রলীগের নেতা সিদ্দিকুর রহমান খালে বাঁধ দেওয়ার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, খালের যে অংশে বাঁধ দেওয়া হয়েছে, সেই জায়গা তাঁদের পৈতৃক সম্পত্তি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান খালে বাঁধ দিয়ে ও জলকপাট বন্ধ করে মাছ চাষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরেজমিনে পরিদর্শন করেছি। বিষয়টি খুবই অমানবিক। ওই গ্রামের মানুষের জন্য খালটি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া ওই গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট। শিগগিরই বাঁধ কেটে দেওয়াসহ ওই গ্রামে একটি নলকূপ স্থাপনের ব্যবস্থা করা হবে।’