খালে বাঁধ দিয়ে মাছ চাষ, অসহায় দুই গ্রামের কৃষক

খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের দুটি গ্রামকে বিভক্ত করেছে দোয়ানে নামের একটি খাল। সরকারি এই খালের একটি অংশে বাঁধ দিয়ে সেখানে লবণপানি তুলে মাছ চাষ করছে একটি মহল। এর ফলে ক্ষতি হচ্ছে খালের দুই পাড়ের কয়েক শত বিঘা কৃষি জমির।
দুই গ্রামের কৃষকদের অভিযোগ, খালে লবণপানি তোলায় আশপাশের জমিতে এর প্রভাব পড়ছে। ফলে ফসল ভালো হচ্ছে না। শুধু তা-ই নয়, বর্ষা মৌসুমে পানি সরে যেতে না পারায় জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ কারণে শীতের মৌসুমেও জমির পানি শুকায় না। আর মাটি ভিজে থাকায় রবিশস্য থেকে শুরু করে অন্য কোনো ফসলও চাষ করা সম্ভব হয় না ওই জমিতে।
খালটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। এর মধ্যে তিতুখালী এলাকার প্রায় ৭ একর দখল করেছেন পারশলুয়া গ্রামের জয়নাল হাওলাদার, বৃত্তিশলুয়া গ্রামের ফারুক হাওলাদার ও জামাল হাওলাদার এবং তিতুখালী গ্রামের সুশান্ত বিশ্বাস নামের চারজন। সেখানে তাঁরা মোট আটটি বাঁধ তৈরি করে মাছের চাষ করছেন।
দখলকারীদের দাবি, খালটির যে অংশে বাঁধ দেওয়া হয়েছে ওই অংশটুকু তাঁরা অন্য লোকজনের কাছ থেকে কিনেছেন।
তবে সুরখালী ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, সিএস খতিয়ানে খালটি সরকারি সম্পত্তি হিসেবেই ছিল। কিন্তু তিন বছর আগে প্রকাশিত আরএস খতিয়ানে খালটিকে খুলনা নগরের বয়রা এলাকার আবদুল সাত্তার, সদরের মোফাজ্জেল হোসেন ও হাবিবুল হকের নামে রেকর্ড দেখানো হয়েছে। কিন্তু ওই খাল থেকে কোনো রাজস্ব আদায় করা হচ্ছে না। কীভাবে ওই খালকে ব্যক্তিমালিকানায় রেকর্ড করা হয়েছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন ওই অফিসের কর্মকর্তারা। আর যাঁদের নামে খালটি রেকর্ড করা আছে, তাঁদের কেউই এখন খালের দখলে নেই।
দখলকারীদের একজন সুশান্ত বিশ্বাস বলেন, আরএস খতিয়ানের জরিপকাজ শেষ হওয়ার পর ২০০১ সালের দিকে তাঁরা ওই তিনজনের কাছ থেকে খালটি কিনেছেন। এ কারণে আরএস খতিয়ানে তাঁদের নাম নেই।
সুশান্ত বিশ্বাস দাবি করেন, খালের যে অংশটুকু তাঁরা কিনেছেন ওই অংশের দুই পাশের অধিকাংশ জমিই তাঁদের। খালে লবণপানি তোলার অভিযোগ অস্বীকার করেন তিনি।
৫ ডিসেম্বর দোয়ানে খাল এলাকায় গিয়ে দেখা যায়, খালটিতে মোট আটটি বাঁধ নির্মাণ করা হয়েছে। একটি বাঁধের ওপর ঘরবাড়ি তৈরি করে বসবাসও করছে দখলকারীদের একটি পরিবার। খালের দুই পাড়ের জমিতে তখনো রয়েছে পানি। সেখানে লাগানো আমন ধান পাকতে শুরু করায় পুরো বিলটিতে সোনালি আভা ছড়িয়ে আছে। তবে এর মধ্যে জমির কোনো কোনো অংশের ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে।
খালের পাড়ে বসেই কথা হয় কয়েকজন কৃষকের সঙ্গে। অসীম মণ্ডল নামের একজন কৃষক বলেন, খালের তিতুখালী মৌজায় তাঁর ১৫ একর জমি আছে। কিন্তু পানি সরতে না পারায় বর্ষা মৌসুমে জমিতে জলাবদ্ধতা লেগেই থাকে। আর শুষ্ক মৌসুমে ওই খালে তোলা হয় লবণপানি। এর প্রভাব পড়ে তাঁর জমিতে। এসব কারণে কয়েক বছর ধরে ভালো ফসল হচ্ছে না বলে জানান তিনি।
আবদুল মান্নান খান নামের পারশলুয়া গ্রামের আরেক কৃষকের ওই খালের পাশে রয়েছে আড়াই বিঘা জমি। আমনের সময় শেষ হয়ে গেলেও ওই জমিতে এখনো রয়েছে হাঁটুপানি। তাই জমি থেকে পানি শুকাবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি। আর পানি না শুকালে অন্য কোনো রবিশস্যের চাষ করা যাবে না। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে এমন অনিশ্চয়তার মধ্যেই থাকতে হয় আমাদের। এ নিয়ে কোনো প্রতিবাদ করতে গেলেই সমস্যায় পড়তে হয়। তাই ভয়ে চুপ করে থাকি।’
খালের পাড়ে বসে যখন কৃষকদের সঙ্গে কথা হচ্ছিল, তখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন পারশলুয়া গ্রামের একদল কীর্তনীয়া (হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের গায়ক)। কৃষকদের সঙ্গে খাল বিষয়ে কথা হচ্ছে শুনেই কিছু সময় সেখানে দাঁড়ালেন। ওই দলে রয়েছেন ঠাকুর দাস মণ্ডল, নিহার বিশ্বাস, রবীন্দ্রনাথ হালদার, খিতিশ বিশ্বাস, বিনয় সরকার। ঠাকুর দাসের জোর অনুরোধ—‘আমাদের জন্য কিছু করেন। খাল নিয়ে আমরা অনেক বিপদে আছি। কিন্তু কিছু বলতে পারি না।’
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, খালটির দুই পাড়ে রয়েছে কয়েক হাজার বিঘা জমি। সেখানে প্রতিবছর মৌসুম অনুযায়ী চাষ হয় বোরো ও আমন ধান এবং তিল ও ভুট্টা। কিন্তু যে এলাকায় খালটি দখল হয়ে আছে, ওই এলাকার দুই পাশের জমিতে ফসল তুলনামূলক কম হয়।
এসব সমস্যা থেকে মুক্তি পেতে ওই দুই গ্রামের প্রায় ৮০০ জন সম্মিলিতভাবে ২০১৩ সালে খুলনার জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৪ জুন জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. ফরিদ হোসেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে ওই খাল ১০ দিনের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দেন।
ওই চিঠিতে তিনি সরকারি খাল ব্যক্তিনামে রেকর্ড হওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে এবং খালটি সরকারের নিয়ন্ত্রণে আনার জন্যেও নির্দেশনা দেন। বিষয়টির সঙ্গে সরকারি স্বার্থ জড়িত বলে উল্লেখ করা হয়।
রাজস্ব বিভাগ থেকে ওই নির্দেশ জারি করার পরও ওই বাঁধ তুলে দিতে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বটিয়াঘাটা উপজেলার প্রশাসন।
এ ব্যাপারে জানতে চাইলে, বটিয়াঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন খান বলেন, ‘আমি যত দূর জানি, খালটি ব্যক্তিমালিকানার জমিতে রয়েছে। তাই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।’ খালটি সিএস খতিয়ানে সরকারি সম্পত্তি হিসেবে ছিল বলে জানালে, তিনি বলেন, যদি সিএস খতিয়ানে খালটি সরকারের থাকে, তাহলে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তা সরকারি সম্পত্তি। এলাকাবাসী অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।