খালে বাঁধ দিয়ে মাছ চাষ আ.লীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর-ভুরভুরিয়া-ফরদাবাদ সড়কের তাতুয়াকান্দি এলাকায় সেতুর নিচে নির্মিত বাঁধ l ছবি: প্রথম আলো
বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর-ভুরভুরিয়া-ফরদাবাদ সড়কের তাতুয়াকান্দি এলাকায় সেতুর নিচে নির্মিত বাঁধ l ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকায় একটি সরকারি খালে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় এক নেতা সেখানে মাছের চাষ করছেন বলে অভিযোগ উঠেছে। এতে বিলে পানি জমে বোরো ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাঞ্ছারামপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে বাঞ্ছারামপুর-ভুরভুরিয়া-ফরদাবাদ সড়কের তাতুয়াকান্দি গ্রামের পাশে খালের ওপর একটি সেতু নির্মাণ করে এলজিইডি। এর দৈর্ঘ্য ৬০ ফুট, প্রস্থ ১২ ফুট। সেতুর দক্ষিণ পাশে খালটি তিতাস নদের সঙ্গে যুক্ত। উত্তর পাশে প্রায় এক কিলোমিটার দূরে খালটি সাতবিলা বিলে গিয়ে পড়েছে। তিন বছর আগে খালটি সংস্কার করা হয়। এই খাল দিয়ে বিলের পানি নিষ্কাশন করা হয়। বিলের শতাধিক একর জমিতে প্রতিবছর বোরো আবাদ করা হয়।
ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি এলাকায় গত শুক্রবার গিয়ে দেখা যায়, সেতুর উত্তর পাশে খালে মাটি ফেলে ভরাট করা হয়েছে। পানির প্রবাহ সম্পূর্ণ বন্ধ। সেতুসংলগ্ন প্রায় দুই বিঘা জমিতে পুকুর কাটা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, প্রায় এক বছর আগে ছলিমাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন ও তাঁর ভাই বায়েজিদ হোসেন সেতুর নিচে খালে বাঁধ দিয়ে মাছের চাষ শুরু করেন। এতে খালে পানির প্রবাহ বন্ধ হয়ে আছে। বাঁধের কারণে বর্ষাকালে সাতবিলা বিলের পানি বেরোতে পারবে না। পানি জমে ফসলের ক্ষতি হবে। এলাকায় তাঁরা প্রভাবশালী। এ জন্য কেউ তাঁদের বিরুদ্ধে কথা বলতে পারে না।
তবে বায়েজিদ হোসেন দাবি করেন, ‘সেতুটি সরকারি খালের ওপর নির্মিত হয়নি। এর নিচ দিয়ে যেখানে পানি প্রবাহিত হচ্ছে, তা আমাদের জমির ওপর দিয়ে গেছে। খালটি এলাকার কিছু লোক দখল করে ভরাট করে ফেলেছে। আমাদের জমিতে বাঁধ দিয়ে মাছের চাষ শুরু করেছি।’
আওয়ামী লীগের নেতা ইকবাল হোসেন বলেন, ‘আমরা নিজেদের জমিতে বাঁধ দিয়েছি। গত বৃহস্পতিবার পুলিশ এসেছিল। আমরা জমি মাপতে বলেছি। যদি সরকারি জায়গায় বাঁধ পড়ে, তাহলে সরিয়ে ফেলা হবে।’
উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম বলেন, তাতুয়াকান্দিসহ সাতবিলা বিলে প্রায় ৫০০ একর জমিতে বোরো ধানের চাষ হয়। খালে বাঁধের কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতায় ফসল ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া বর্ষাকালে পানির চাপে সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে এটি ঝুঁকির মধ্যে পড়তে পারে। ইকবাল হোসেনকে বাঁধ সরিয়ে নিতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শওকত ওসমান বলেন, ‘সরকারি খালে সেতুর নিচে মাটি ফেলে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার কথা শুনেছি। যাঁরা বাঁধ দিয়েছেন, তাঁদের তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। অন্যথায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’