খালে বাঁধ দিয়ে মাছ চাষ ৫০টি বাড়ি জলাবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের বাগডাঙ্গা গ্রামে খাল দখল করে মাছের চাষ করায় অন্তত ৫০টি বাড়ি জলাবদ্ধ হয়ে পড়েছে।
সেই সঙ্গে ছয়টি বিল জলাবদ্ধ হয়ে পড়ায় বোরো আবাদ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে এলাকার মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
সরেজমিন গত শনিবার দেখা গেছে, বাগডাঙ্গা গ্রামের পশ্চিম পাশ দিয়ে শ্রীনদীর সংযোগ খালটি উত্তর থেকে দক্ষিণে চলে গেছে। এই খালের বিভিন্ন অংশে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে গত বর্ষা মৌসুমে পানি জমে এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
গ্রামের বৈদ্যনাথ সরকারের বাড়ি থেকে মনোহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত খালের বিভিন্ন অংশে আড়াআড়িভাবে বাঁধগুলো দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য দুর্গাপদ সরকার এবং বৈদ্যনাথ সরকার, লোলিত মোহন সরকার, মনোরঞ্জন সরকার, অশোক সরকার, সুখচাঁদ সরকারসহ আরও কয়েকজন শ্রীনদীর সংযোগ খালে বেড়িবাঁধ দিয়ে মাছ চাষ করছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হরিতলার বিল, সিভেলতলার বিল, কুশখালির বিল, মনোহরনগর উত্তর পাশের বিল, শ্যামনগর বিল, আশাননগর বিলসহ হরিণার বিলে বর্ষা মৌসুমের জমে থাকা পানি বের হতে পারছে না।
ফলে এই বিলগুলোতে বোরো আবাদ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গ্রামের কৃষক মিলন রায় বলেন, বিলে এখনো প্রচুর পানি রয়েছে। অথচ এখনই বীজতলা করার সময়।
আরেক বাসিন্দা পরিতোষ রায় বলেন, এই খাল দিয়ে এলাকার মানুষ ফসল কেটে ডোঙা নৌকায় করে বাড়িতে নিয়ে যান। সেই খাল প্রভাবশালীরা দখল করেছেন।
ইউনিয়ন পরিষদ সদস্য দুর্গাপদ সরকার বলেন, ‘আমি সারা জীবন পানি সরানোর আন্দোলনের সঙ্গে আছি। আমি খালে কোনো বাঁধ দিইনি।’
মনোরঞ্জন সরকার বলেন, ‘যে জায়গা দিয়ে বাঁধ দিয়েছি সেটি আমার নিজস্ব জমি। এই বাঁধের ওপর দিয়ে আমি বাড়িতে যাতায়াত করি।’ অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।
কেশবপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, তিনি এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।