খালে বাঁধ দিয়ে রাস্তা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনাবাদ এলাকায় প্রবহমান খালে মাটি ফেলে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে খালের এক পাশে কৃষিজমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অন্য পাশে কৃষকেরা পানি পাচ্ছেন না।
এলাকাবাসী বলেন, স্থানীয় শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন, যমুনাবাদ কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি শের আলী মোল্লাসহ কয়েকজন এক-দেড় মাস আগে এই বাঁধটি নির্মাণ করেছেন।
শিমুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবু তালেব বলেন, খালটি সরকারি রেকর্ডভুক্ত নয়। তবে ব্যক্তিমালিকানাধীন জায়গায় হলেও জলাধার ভরাট বা বাঁধ নির্মাণের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়নি। বাঁধ নির্মাণের কারণে খালের পানিপ্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।
শিমুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাচাইন এলাকায় ইছামতী নদী থেকে খালটির উৎপত্তি। এরপর খালটি মুক্তানগর, কাকরোল ও যমুনাবাদ গ্রাম হয়ে ঘিওর উপজেলার কলতা এলাকায় কালীগঙ্গা নদীতে মিশেছে। এর আরেকটি অংশ শিবালয়ের ইন্তাজগঞ্জ হয়ে হরিরামপুরের ঝিটকা পোদ্দারবাড়ি এলাকায় ইছামতী নদীতে মিশেছে।
অন্তত ছয়জন এলাকাবাসী বলেন, দখল ও ভরাটের কারণে খালটি সরু হয়ে গেছে। এর গভীরতাও কমে গেছে। তবু শুষ্ক মৌসুম ছাড়া বছরের সাত-আট মাস খালে পানি থাকে। বর্ষাকালে এই খাল হয়ে মুক্তানগর, কাকরোল, যমুনাবাদ, শাকরাইল, শালনগর, পাড়াগ্রাম, ইন্তাজগঞ্জ, ঢাকিজোড়াসহ বেশ কয়েকটি গ্রামের ফসলি জমিতে পানি প্রবেশ করে। কিন্তু যমুনাবাদ এলাকার বাঁধের কারণে চলতি বর্ষায় খালে পানিপ্রবাহ বন্ধ রয়েছে।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিদ্দিকুর রহমান বলেন, খালে পানিপ্রবাহে বাধার কারণে মাচাইন ও হাফেজনগর গ্রামে মরিচের খেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
২৩ জুন সরেজমিনে দেখা গেছে, পানিপ্রবাহের ব্যবস্থা না রেখে খালে বাঁধ দেওয়া হয়েছে। ফলে বাঁধের অংশে খালের উজানে (উত্তর পাশ) পানির উচ্চতা ভাটির (দক্ষিণ পাশ) চেয়ে অন্তত দুই ফুট বেশি।
যমুনাবাদ গ্রামের আমজাদ হোসেনসহ একাধিক ব্যক্তি বলেন, যাতায়াতের সুবিধার জন্য পানিপ্রবাহের ব্যবস্থা রেখে বাঁধ নির্মাণের কথা ছিল। এ জন্য তাঁরা টাকাপয়সাও দিয়েছেন। অথচ পানিপ্রবাহের কোনো ব্যবস্থা রাখা হয়নি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বলেন, ‘শুরু থেকেই খালের পানিপ্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণের বিপক্ষে ছিলাম। কিন্তু সমাজপতিরা কথা শোনেননি।’
শের আলী মোল্লা বলেন, ‘গ্রামের লোকজনের যাতায়াতের জন্য চাঁদা তুলে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে বাঁধটি নির্মাণ করা হয়েছে।’ তবে পানিপ্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণ করা ঠিক হয়নি বলে তিনি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান বলেন, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে প্রতিবেদন তৈরির জন্য স্থানীয় নায়েবকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বাঁধ অপসারণ বা পানিপ্রবাহের ব্যবস্থা করা হবে।