খালে বাঁধ, পানি সেচে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার ম্যানগ্রোভ (শ্বাসমূলীয়) বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালে বাঁধ দিয়ে পানি সেচে অবাধে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয় একটি চক্রের সদস্যরা বনের খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে মৎস্যজীবীদের কাছে তা অবৈধভাবে ইজারা দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এতে বন বিভাগের কিছু কর্মচারীও জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, বন বিভাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাঁধ কেটে দিলেও কয়েক দিন পরই আবার সেখানে বাঁধ দেওয়া হচ্ছে। এভাবে বাঁধ দিয়ে পানি সেচে মাছ শিকারের ফলে বনের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান মো. সাজেদুল হক প্রথম আলোকে বলেন, মাছ সব সময় নিরাপত্তার জন্য নির্দিষ্ট জায়গা পছন্দ করে। বিশেষ করে প্রজননের সময় মাছ নিরাপদে আশ্রয় নেয়। খালের পানি সেচে মাছ ধরা হলে মাছের প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে পারে। এ ছাড়া জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
বন বিভাগের দশমিনা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া নদীতে জেগে ওঠা চরহাদী, চর শাহজালাল ও চর হায়দার—এই তিনটি চরে বনের আয়তন ২০ হাজার একর। এখানে ছোট-বড় মিলিয়ে অন্তত ৫০টি খাল রয়েছে।
গত ২৫ ডিসেম্বর সরেজমিনে চরহাদী, চর শাহজালাল ও চর হায়দারে দেখা যায়, ম্যানগ্রোভ বনের কয়েকটি খালের সঙ্গে নদীর সংযোগস্থলে মাটি দিয়ে বাঁধ দেওয়া রয়েছে। চরহাদীর বনের ভেতরে দেখা যায়, তিনটি যন্ত্র দিয়ে খালের পানি সেচের কাজ চলছে। এ কাজে নিয়োজিত আনোয়ার হাওলাদার বলেন, চরের বাসিন্দাদের কাছ থেকে চরহাদীর মনির সর্দার নামে এক মাছ ব্যবসায়ী এই খালটি ইজারা নিয়েছেন। আর তিনি এখানে দিনমজুর হিসেবে কাজ করছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মনির সর্দার বলেন, ওই খালের মাছ ধরার জন্য ১ লাখ ৮০ হাজার টাকায় খালটি স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছে। সেচের মাধ্যমে খালের পানি শুকিয়ে ফেলতে অন্তত ২০ দিন লাগবে। এতে ব্যয় হবে আরও ৬০ থেকে ৭০ হাজার টাকা। তবে খালে বাঁধ দেওয়ার সঙ্গে জড়িতদের নাম বলতে চাননি তিনি।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, চরের কয়েকটি চক্র খালে বাঁধ দিচ্ছে। প্রতিটি চক্রে ১০ থেকে ১২ জন রয়েছেন। একটি খালে বাঁধ দিতে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হচ্ছে। বাঁধ দেওয়ার পর ওই চক্র তা মাছ ব্যবসায়ীদের কাছে টাকার বিনিময়ে ইজারা দিচ্ছে। এ কাজে বন বিভাগের লোকজনও জড়িত রয়েছেন। বন বিভাগ অভিযান চালিয়ে বাঁধ কেটে দিলেও কয়েক দিন পরই সেখানে আবার ওই সব চক্রের সদস্যরা বাঁধ দিচ্ছে।
তবে বন বিভাগের লোকজন এর সঙ্গে জড়িত নন দাবি করে বন বিভাগ দশমিনার বিট কর্মকর্তা মিজানুর রহমান ও রেঞ্জ কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, খালে বাঁধ দিয়ে মাছ ধরার বিষয়টি জানার পর গত ১২ ডিসেম্বর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বনের ভেতরে অন্তত ১২টি খালের বাঁধ কেটে দেওয়া হয়। বন বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।
পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, জোয়ার-ভাটার সময় খাল দিয়ে পানি ওঠানামা করে। ম্যানগ্রোভ বনের প্রাণ পানি। কাজেই বনের খালে কোনোভাবেই বাঁধ দেওয়া যাবে না। এ কাজে বন বিভাগের কেউ যদি জড়িত থাকেন, তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন বিভাগের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেন, ম্যানগ্রোভ বনের ভেতরের খালগুলোতে জোয়ার-ভাটার প্রয়োজন রয়েছে। খালগুলোতে বাঁধ দিলে পানিপ্রবাহ বন্ধ হবে। গাছের শ্বাসমূল পানি না পেলে বনের গাছ প্রাকৃতিকভাবে বেড়ে উঠতে পারবে না। এতে বনের ব্যাপক ক্ষতি হবে। তাই কোনোভাবেই বনের খালে বাঁধ দেওয়া যাবে না।