খালে বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁথিয়া উপজেলায় খালে এ ধরনের ছয়টি বেড়া দিয়ে তাতে সোঁতিজাল পাতা হয়েছে। এতে পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় ১০ হাজার বিঘা জমির আমন ধান কাটতে পারছেন না কৃষকেরা। গত মঙ্গলবার উপজেলার পুণ্ডুরিয়া থেকে তোলা ছবি l প্রথম আলো
সাঁথিয়া উপজেলায় খালে এ ধরনের ছয়টি বেড়া দিয়ে তাতে সোঁতিজাল পাতা হয়েছে। এতে পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় ১০ হাজার বিঘা জমির আমন ধান কাটতে পারছেন না কৃষকেরা। গত মঙ্গলবার উপজেলার পুণ্ডুরিয়া থেকে তোলা ছবি l প্রথম আলো

পাবনার সাঁথিয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান নিষ্কাশন খালের অন্তত ছয়টি স্থানে বাঁশের বেড়া নির্মাণ করে সোঁতি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এতে শুধু বিভিন্ন প্রজাতির মাছই ধ্বংস হচ্ছে না, পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় উপজেলার অন্তত ১৫টি বিলের প্রায় পাঁচ হাজার বিঘা আমনের খেত জলমগ্ন হয়ে রয়েছে। কৃষকেরা এসব জমির ধান যেমন কাটতে পারছেন না, তেমনি ওই জমিতে পেঁয়াজসহ অন্যান্য রবিশস্যের আবাদও করতে পারছেন না। সোঁতি জাল অপসারণের জন্য কৃষকেরা ২৩ অক্টোবর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করেছেন।

 এলাকাবাসী জানান, কাগেশ্বরী (ডি-২) নিষ্কাশন খালের সঙ্গে সংযোগ রয়েছে উপজেলার অন্তত ১৫টি বিলের। এসব বিলসহ উপজেলার নিচু এলাকার বর্ষার পানি ওই খালের মাধ্যমে নিষ্কাশিত হয়। বিলের বেশির ভাগ জমিতে আমনের আবাদ করা হয়। বর্ষার পানি নিষ্কাশন হওয়ার পর আমন কেটে সেখানে পেঁয়াজসহ রবিশস্যের আবাদ করা হয়।

কৃষকেরা জানান, অন্যান্য বছর এ সময় জমি থেকে পানি নেমে যায়। কিন্তু এ বছর উপজেলার নন্দনপুর, গৌরীগ্রাম, করমজা, কাশীনাথপুর ও ক্ষেতুপাড়া ইউনিয়নের ২৫টিরও বেশি গ্রামের প্রায় পাঁচ হাজার বিঘা আমন খেতে এক থেকে পাঁচ ফুট পর্যন্ত পানি জমে আছে।

 কৃষকদের অভিযোগ, প্রধান নিষ্কাশন খালের পুণ্ডুরিয়া, শামুকজানি, দত্তপাড়া, তালপট্টি, বড়গ্রাম, সাতানির চরসহ ছয়টি স্থানে ইতিমধ্যে চাটাই, পলিথিন ও বাঁশের সাহায্যে বেড়া দিয়ে সোঁতি জাল বসানো হয়েছে। এ ছাড়া আরও চারটি স্থানে সোঁতি জাল বসানোর জন্য বেড়া নির্মাণের কাজ চলছে। এভাবে বেড়া নির্মাণ করায় পানিপ্রবাহ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এতে নিষ্কাশন খালের পাশে অবস্থিত গজারিয়া, ঘুঘুদহ, বাঘারগাড়ি, মুক্তাহার, ইটকাটা, গাঙভাঙাসহ অন্তত ১৫টি বিলের পানি জমি থেকে স্বাভাবিক গতিতে নামতে পারছে না। এসব এলাকার প্রায় পাঁচ হাজার বিঘা জমিতে আমনের আবাদ করা হয়েছে। আবাদ করা আমনের ৪০ থেকে ৫০ ভাগ পেকে গেলেও পানি না সরায় কৃষকেরা তা কাটতে পারছেন না। সবচেয়ে বড় কথা এসব জমিতে অন্যান্য বছর কৃষকেরা আমন কাটার পরপরই পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন রবিশস্যের আবাদ করে থাকেন। পানি না নামায় কৃষকেরা তা-ও করতে পারছেন না।

 উপজেলার শামুকজানি গ্রামের কৃষক রইজউদ্দিন বলেন, ‘১০ বিঘা জমিতে আমনের আবাদ করছিল্যাম। এর অর্ধেক জমির ধান পাকিছে। কিন্তু জমিতে পানি থাকায় তা কাটপ্যার পারত্যাছি না। এ ছাড়া অন্তত ১৫ দিন আগে বিলের ধারের জমিতে পেঁয়াজের চারা তৈরির জন্য বীজ ছেটানোর প্রয়োজন ছিল। পানি থাকায় তা-ও পারত্যাছি না।’

ক্ষতিগ্রস্ত কৃষকেরা সোঁতি জালের ঘের অপসারণসহ দ্রুত পানি নিষ্কাশনের জন্য জেলা প্রশাসক ও ইউএনও বরাবর আবেদন করেছেন। তাঁদের অভিযোগ, এ ব্যাপারে কেউ তাঁদের সাহায্যে এগিয়ে আসছে না। কৃষকেরা জানান, সোঁতি জালের ঘের নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিরা স্থানীয় প্রভাবশালী। ফলে ভয়ে তাঁরা ঘের মালিকদের কিছু বলতে পারছেন না।

গত মঙ্গলবার সরেজমিনে পুণ্ডুরিয়া ও শামুকজানি গ্রামে গিয়ে দেখা গেছে, নিষ্কাশন খালের এপার-ওপার বিস্তৃত বাঁশ, পলিথিন, চাটাই ও সূক্ষ্ম জালের সাহায্যে বাঁধ দিয়ে সোঁতি জালের ঘের দেওয়া হয়েছে। পানিপ্রবাহের জন্য মাত্র কয়েক ফুট জায়গা রাখায় বাধাগ্রস্ত হচ্ছে পানিনিষ্কাশন।

পুণ্ডুরিয়া গ্রামের পাশে নির্মাণ করা সোঁতি জালের একটি ঘেরের অংশীদার রেজাউল করিম জানান, তাঁদের ‘পুণ্ডুরিয়া কাগেশ্বরী মৎস্যজীবী সমিতি’ নামের একটি সমিতি রয়েছে। এই সমিতির পক্ষ থেকে তাঁরা (সমিতির সদস্যরা) গোটা নিষ্কাশন খাল ইজারা নিয়ে মাছ ধরছেন। তবে কোন কার্যালয় থেকে তাঁরা ইজারা নিয়েছেন সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। তিনি দাবি করেন, এসব ঘেরের কারণে পানিনিষ্কাশন মোটেও বাধাগ্রস্ত হচ্ছে না এবং বছরের পর বছর এভাবে সোঁতি জাল পেতে মাছ ধরা হচ্ছে।

সাঁথিয়ার ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, ‘কেউ ইজারা নিয়েছে কি না নিয়েছে তার সঙ্গে সোঁতি জালের ঘের স্থাপনের কোনো সম্পর্ক নেই। পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে সোঁতি জালের ঘের নির্মাণ পুরোপুরি অবৈধ। ঘেরগুলো অপসারণের জন্য ইতিমধ্যেই মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’