খালেদা জিয়ার দুই উপদেষ্টার গাড়িতে আগুন, বাড়িতে গুলি
এবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এক উপদেষ্টার গাড়িতে অগ্নিসংযোগ ও আরেক উপদেষ্টার বাড়ি লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাজধানীর গুলশানে এ দুটি ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে একটি বাসার সামনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদের গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গাড়িটি ওই সড়কে একটি বাসার সামনে রাখা ছিল। ৮৬ নম্বর সড়কে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়। ওই ঘটনার এক ঘণ্টা পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে।
আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসীর মো. আউয়াল প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে গুলশান অ্যাভিনিউয়ে তাঁদের দোতলা বাড়ির সামনের ফটকে মোটরসাইকেল আরোহী দুই যুবক আসে। এরপর তারা বাড়ি লক্ষ্য করে পর পর পাঁচ-ছয়টি গুলি ছুড়ে পালিয়ে যায়। ফটকে থাকা নিরাপত্তা ক্যামেরায় এ বিষয়ে কোনো কিছু ধরা পড়েছে কি না, তা তাঁরা খতিয়ে দেখছেন।
এসব বিষয়ে জানতে চাইলে গতকাল রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহম্মেদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো তথ্য আমরা পাইনি।’