খালেদা জিয়ার গাড়িবহরে আবারও হামলা
এবার রাজধানীর ফকিরাপুলে সরকার-সমর্থকদের হামলার শিকার হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। হামলাকারীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তবে এতে কেউ আহত হয়নি।
গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ফকিরাপুলে গণসংযোগ শেষে নয়াপল্টনের দিকে আসার পথে কাঁচাবাজারসংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা হামলাকারীদের ধাওয়া দেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। রাত সাড়ে আটটার দিকে তারা লাঠিসোঁটা দিয়ে হামলায় অংশ নেয়। তাদের হাতে কালো পতাকাও ছিল। খালেদার গাড়িবহর লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় কেউ আহত হয়নি। অবশ্য খালেদা জিয়ার গাড়িবহর নিরাপদে ওই এলাকা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে চলে যায়। তবে হামলায় চ্যানেল নাইনের গাড়িসহ দুটি গাড়ির কাচ ভেঙে যায়।
হামলার সময় পুলিশকে সেখানে দেখা যায়নি বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে আমরা কিছু জানি না।’
এর আগে গত সোমবার প্রচারে নেমে কারওয়ান বাজারে খালেদা জিয়ার পথসভা ও গাড়িবহর সরকার-সমর্থক নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছিল। এতে তাঁর দুটি গাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। গত রোববারও উত্তরায় তিনি প্রচারে গিয়ে সরকার-সমর্থকদের বাধার মুখে পড়েন।
গতকাল খালেদা জিয়া চতুর্থ দিনের মতো প্রচারে অংশ নেন। হামলার শিকার হওয়া ভাঙা গাড়িতে চড়েই গতকালের গণসংযোগে অংশ নেন তিনি। গণসংযোগের শুরুতে শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেন, কারওয়ান বাজারে প্রাণনাশের উদ্দেশ্যে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।
আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগের ‘গুন্ডারা’ জড়িত অভিযোগ করে তিনি বলেন, গুন্ডামির বদলে শান্তির শহর চাইলে মির্জা আব্বাসকে ভোট দিতে হবে। নারী নির্যাতন বন্ধ করতে হলে তিন সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি বলেন, ‘আপনারা টেলিভিশনে ব্যাংক ডাকাতির ঘটনা দেখেছেন। এই ডাকাতির সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগের ছেলেরা জড়িত। তাই শান্তি চাইলে, নিরাপদ পরিবেশ চাইলে বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসকে ভোট দিন।’ তিনি বলেন, টিএসসিতে নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটছে। কোনো মানুষের নিরাপত্তা নেই। আব্বাস আগে মেয়র ছিল, মন্ত্রী ছিল। তখন ঢাকায় অনেক কাজ হয়েছে। সে নির্বাচিত হলে ঢাকা আবর্জনামুক্ত, মশামুক্ত এবং নিরাপদ ঢাকায় পরিণত হবে।
বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার ভেবেছিল বিএনপি নির্বাচনে যাবে না। কিন্তু নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে জনজোয়ার তৈরি হওয়ায় সরকার পাগল হয়ে গেছে। তিনি সবাইকে নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান।
বিকেল সোয়া পাঁচটার দিকে গুলশানের বাসা থেকে বের হয়ে শাহজাহানপুরে মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ শুরু করেন তিনি। তিনি মগ মার্কায় মির্জা আব্বাসের জন্য ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন। প্রথম তিন দিন তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালান।
শান্তিনগরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে খালেদা জিয়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে পলওয়েল সুপার মার্কেটের সামনে যান। সেখানে তিনি পথসভায় বক্তব্য দেন। বক্তব্যে মির্জা আব্বাসকে সন্তানতুল্য উল্লেখ করে খালেদা জিয়া বলেন, তিনি ছেলে হারিয়েছেন। মির্জা আব্বাস তাঁর ছেলের মতো। তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন