খালেদাকে খাবার দিতে গিয়ে আটক ছয় নারী কর্মী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে দুই সাবেক নারী সাংসদসহ ছয় নারী আটক করেছে পুলিশ। তাঁরা খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে ভেতরে যেতে চেয়েছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে তাঁদের আটক করা হয়। গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক আফরোজ প্রথম আলোকে ছয়জন আটকের তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে দুই সাবেক নারী সাংসদ হলেন শায়লা আকতার ও নার্গিস আলী। আর অন্য কর্মীরা হলেন শিরিন আকতার, ঝর্ণা খান, নিলুফার নাসরিন ও শামীমা সুলতানা।
এর আগে ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এক ঘণ্টা পরে অবশ্য পুলিশ তাঁকে ছেড়ে দেয়। সংগীতশিল্পী বেবী নাজনীন বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সঙ্গে জড়িত। একই সঙ্গে তিনি খালেদাকে ‘মা’ ডাকেন।