খালেদার উপদেষ্টা মিন্টুর বাড়িতে ককটেল ও গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়িতে গতকাল বুধবার রাতে দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়েছে। একই সঙ্গে গুলি ছুড়েছে ও অগ্নিসংযোগ করেছে। ফেনীর দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর পরিবারের সদস্যদের ভাষ্য, গতকাল রাত ১১টার দিকে মুখোশধারী ২০-২৫ জনের একটি দল দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে তাঁর গ্রামের বাডিতে হামলা করে। দুর্বৃত্তরা এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও কয়েকটি গুলি ছোড়ে। পরে তারা মিন্টুর চাচা হাবিব উল্যার টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরটি আংশিক পুড়ে গেছে। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
এ সময় ঘরে কেউ ছিলেন না।

আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন এ হামলার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে তিনি এ ব্যাপারে আর কোনো মন্তব্য করেননি।