খালেদার উপস্থিতিতে শহীদ মিনারে বিশৃঙ্খলা

একুশের প্রথম প্রহরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গেলে তাঁর দলের নেতা-কর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

একুশে ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান খালেদা জিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ নেতা-কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়া শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ কয়েকজন শিক্ষক তাঁকে স্বাগত জানাতে যান। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা পেছন থেকে ধাক্কা দিলে হ-য-ব-র-ল অবস্থা তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান এ সময় নিচে পড়ে যান।

এরপর শহীদ মিনারের মূল বেদিতে যাওয়া নিয়ে আরেক দফা বিশৃঙ্খলা তৈরি হয়। খালেদা জিয়ার সঙ্গে নেতা-কর্মীরাও বেদিতে যাওয়ার চেষ্টা করলে সেখানকার শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকেরা তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে।

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের অনেকে স্বেচ্ছাসেবকদের ওপর চড়াও হন। একপর্যায়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে।