খালেদার কার্যালয়ের খাবার ফেরত গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাতের খাবার নিয়ে আসা ভ্যান গত রাতে পুলিশ ফেরত পাঠিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে বলেন, গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য খাবার বাইরে থেকে আনা হয়। প্রতিদিনের মতো গতকাল বুধবার রাত আটটার দিকে একটি ভ্যানে করে বাইরে থেকে খাবার আনা হয়। কিন্তু সাদা পোশাকের একজন পুলিশ সদস্য খাবারসহ ওই ভ্যানটিকে কার্যালয়ের ভেতরে ঢুকতে না দিয়ে ফেরত পাঠিয়েছেন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে খাবার ঢুকতে দেওয়া হয়নি, এমন তথ্য তাঁর জানা নেই। জানামতে, প্রতিদিন যেভাবে খাবার যায়, গতকালও সেভাবে খাবার গেছে।