খালেদার কার্যালয়ের সামনে থেকে এক নেতা আটক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে দলটির এক কেন্দ্রীয় নেতাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে বিএনপির ক্রীড়াবিষয়ক সহসম্পাদক রায়হান আমিনকে আটক করা হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার বলেন, রায়হান আমিন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের বিজয় উপলক্ষে জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এসেছিলেন। এ সময় তাঁকে পুলিশ আটক করে নিয়ে যায়।
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করায় আজ বিজয় মিছিল করার ঘোষণা দেয় বিএনপি। বাংলাদেশের এ সাফল্যের কারণে আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালও শিথিল করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আজ দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির সংক্ষিপ্ত বিজয় মিছিল শুরু হয়। মিছিলটি কদম ফোয়ারা ঘুরে বিএমএ ভবনের সামনে এসে শেষ হয়।