খালেদার গাড়িবহরে আজও হামলা

এবার রাজধানীর ফকিরাপুলে সরকার-সমর্থকদের হামলার শিকার হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। তারা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তবে হামলায় কেউ আহত হয়নি।
আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ফকিরাপুলে গণসংযোগ শেষে নয়া পল্টনের দিকে আসার পথে কাঁচাবাজারসংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা হামলাকারীদের ধাওয়া দেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাত সাড়ে আটটার দিকে ওই এলাকায় হামলার ঘটনা ঘটে। তাঁদের দাবি, হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। সরকার-সমর্থকেরা লাঠিসোঁটা দিয়ে হামলায় অংশ নেন। তাঁদের হাতে কালো পতাকাও ছিল। খালেদার গাড়িবহর লক্ষ্য করে তাঁরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। হামলায় কেউ আহত হননি।

অবশ্য খালেদা জিয়ার গাড়িবহর নিরাপদে ওই এলাকা থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে চলে যায়। তবে হামলায় চ্যানেল নাইনের গাড়িসহ দুটি গাড়ির কাচ ভেঙে যায়। এর আগে গত সোমবার প্রচারে নেমে কারওয়ান বাজারে খালেদা জিয়ার পথসভা ও গাড়িবহর সরকার-সমর্থক নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছিল। এতে তাঁর দুটি গাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। গত রোববারও উত্তরায় তিনি প্রচারে গিয়ে সরকার-সমর্থকদের বাধার মুখে পড়েন। আজ খালেদা জিয়া চতুর্থ দিনের মতো প্রচারে অংশ নেন। হামলার শিকার হওয়া ভাঙা গাড়িতে চড়েই আজ গণসংযোগে অংশ নেন তিনি। গণসংযোগের শুরুতে শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেন, কারওয়ান বাজারে প্রাণনাশের উদ্দেশ্যে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। পথসভায় ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে মগ মার্কায় ভোট চান তিনি।
আরও পড়ুন : ..