বিএনপির অভিযোগ মামলা হিসেবে গৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পথসভা ও গাড়িবহরে হামলার ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় বিএনপির দেওয়া লিখিত অভিযোগ মামলা হিসেবে গৃহীত হয়েছে। তবে মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর স্বাক্ষরিত এই লিখিত অভিযোগটি মঙ্গলবার বেলা ১১টার দিকে থানায় জমা দেন দলের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এ ঘটনায় আওয়ামী লীগ এবং বিএনপির চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা সমন্বয়কারীর পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে।
সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরে হামলা চালিয়ে তাঁর প্রাণনাশের চেষ্টা হয়েছে। তাঁর গাড়িবহরে গুলি করা হয়েছে। এতে অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। গতকালের হামলার বিষয়গুলো এজাহার আকারে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, যা ঘটনা ঘটেছে তাই এজাহারে উল্লেখ করা হয়েছে। কোনো কিছু অতিরঞ্জিত করা হয়নি।
গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পথসভা ও গাড়িবহরে হামলা হয়েছে। সরকারি দলের কর্মী-সমর্থকেরা এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খালেদা জিয়া তখন মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয় বাংলা স্লোগান দিয়ে সরকার-সমর্থকেরা খালেদা জিয়ার গাড়ি, পেছনে থাকা চেয়ারপারসনের অতিরিক্ত গাড়ি (স্পেয়ার কার) ও ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) তিনটি গাড়ি এলোপাতাড়ি ভাঙচুর করেন। এ ছাড়া সেখানে রাখা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। হামলায় খালেদার দুজন নিরাপত্তাকর্মী ফজলুল করিম ও ফারুক হোসেন, একান্ত সচিব আবদুস সাত্তার ও খালেদা জিয়ার একজন গাড়িচালক শাহজাদা শাহেদ এবং সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। খালেদা জিয়ার গাড়ির সামনের অংশে রক্তের দাগ দেখা গেছে। তবে খালেদা জিয়া অক্ষত আছেন।
আরও পড়ুন...