খালের জায়গায় শৌচাগার
জলাবদ্ধতা নিরসনে নগরের নালা-খাল দখলমুক্ত রাখার মূল দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের। অথচ সংস্থাটিই খালের জায়গায় শৌচাগার নির্মাণ করেছে। চট্টগ্রাম নগরের নিমতলা মোড় এলাকায় পুরোনো মহেশখালে এ শৌচাগার নির্মাণ করা হয়।
করপোরেশনের এ ভূমিকার সুযোগ নিয়েছেন অবৈধ দখলদারেরা। তাঁরা খালের জায়গা দখল করে শৌচাগারের দুই পাশে গড়ে তুলেছেন অন্তত ২৫টি ভাসমান দোকান। দোকানগুলো বাঁশের খুঁটি, বেড়া ও টিন দিয়ে তৈরি।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গত বছরের শুরুর দিকে শৌচাগারটি তৈরি করা হয়। বর্তমানে এটি ইজারা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের শুরুর দিকে অস্থায়ী দোকানগুলো গড়ে ওঠে। দু-একটি ছাড়া বাকি দোকানগুলোতে পুরোনো কাঠ বিক্রি হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জায়গায় এসব স্থাপনা গড়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নগরের পানিনিষ্কাশনের অন্যতম মূল মাধ্যম মহেশখালের একটি শাখা হচ্ছে পুরোনো মহেশখাল। এ খাল দিয়ে নগরের নিমতলা, ফকিরহাট ও আগ্রাবাদ এলাকার পানি প্রবাহিত হয়। খালের জায়গায় দোকান ও শৌচাগার নির্মাণ করায় বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া জোয়ারের পানিতেও অনেক সময় এলাকা তলিয়ে যায়।
চট্টগ্রাম বন্দরের উপব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা সেখানে কাউকে স্থাপনা নির্মাণের অনুমতি দিইনি। তবে স্থানীয় লোকজন সেখানে দোকান নির্মাণ করেছে। এগুলো উচ্ছেদ করতে যেকোনো মুহূর্তে অভিযানের পরিকল্পনা রয়েছে।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ক্রমাগত দখলের ফলে খালটি এখন নালায় পরিণত হয়েছে। একটি অংশে খালের চিহ্ন পর্যন্ত নেই। ভাসমান ব্যবসায়ীরা ফুটপাত ও সড়কের বড় একটি অংশ দখল করে দোকানের সামগ্রী রেখেছেন। এ কারণে পথচারীদের চলাচলে সমস্যা হয়।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘ওই জায়গার মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা জনস্বার্থে পরিত্যক্ত জায়গায় শৌচাগার নির্মাণ করেছি। আর পানিনিষ্কাশনে যাতে সমস্যা না হয়, সেভাবেই শৌচাগারটি নির্মাণ করা হয়েছে।’
খালের জায়গা দখল প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি বন্দরের বিষয়। তারা চাইলে সেখানে উচ্ছেদ অভিযান চালাতে পারে।’
সরেজমিনে এলাকাটি ঘুরে দেখার সময় চার-পাঁচজন যুবক এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। তাঁরা বলেন, এলাকার মানুষ বন্দর ও সিটি করপোরেশন থেকে মৌখিক অনুমতি নিয়ে এখানে ব্যবসা করছেন। এ জন্য কাউকে টাকা দিতে হয় না। তবে তাঁরা দাবি করেন, সেখানে তাঁদের নিজেদের কোনো দোকান নেই।
রায়হান নামের এক দোকানমালিক বলেন, ‘ভাই, আমরা তো চুরি-ডাকাতি কিছু করছি না। এখানে ব্যবসা করছি। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। ব্যবসা করতে কাউকে টাকাও দিতে হয় না।’
আবদুর রহমান নামের আরেক ব্যবসায়ী বলেন, কর্তৃপক্ষ জায়গা ছেড়ে দিতে বললে নিজ উদ্যোগে চলে যাব।