খালের দুই পাশে ৩০০ অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা শহরে ক্রোক খালের দুই পাশে প্রায় ৩০০ অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। (ইনসেট) ভেতরে খাল দখল করার জন্য সামনে টিনের বেড়া দেওয়া হয়েছে। খালের পূর্ব পাড় থেকে গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
বরগুনা শহরে ক্রোক খালের দুই পাশে প্রায় ৩০০ অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। (ইনসেট) ভেতরে খাল দখল করার জন্য সামনে টিনের বেড়া দেওয়া হয়েছে। খালের পূর্ব পাড় থেকে গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

বরগুনা শহরের পশ্চিম প্রান্তে ক্রোক খালের দুই পাশে গত তিন মাসে প্রায় ৩০০ অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। আরও কয়েকজন সেখানে ঘর তোলার প্রস্তুতি নিচ্ছেন। এতে খালের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
ক্রোক এলাকার বাসিন্দা কামরুজ্জামান বলেন, এই খালটির অস্তিত্ব বিপন্ন হলে ক্রোক, ঢলুয়া, বরইতলা, হেউলিবুনিয়া, পাজরাভাঙ্গাসহ অন্তত ১০টি গ্রামের চাষাবাদ, পয়োনিষ্কাশন ব্যাহত হবে। পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ক্রোক পাকা সেতু থেকে দক্ষিণ দিকে ক্রোক স্লুইস বাজার পর্যন্ত আধা কিলোমিটার এলাকাজুড়ে খালের দুই পাড়ে অন্তত ৩০০ ঘর তোলা হয়েছে। এর মধ্যে ১০টি আধা পাকা (টিনশেড) ঘর আছে। পূর্ব পাড়ে খালের বিশাল অংশজুড়ে বেড়া দিয়ে পুকুর বানিয়ে সেখানে মাছ চাষ করেছেন মো. মনিরুজ্জামান নামের এক ব্যক্তি। পুকুর কাটার ফলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের বিশাল অংশ দেবে গেছে।
মনিরুজ্জামান বলেন, ওই জমি তাঁর বড় ভাইয়ের স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার পাউবো থেকে পাঁচ বছরের জন্য ইজারা নিয়েছেন। ফারজানা আক্তার বলেন, তিনি ২০০৮ সালে ওই জমি পাউবোর কাছ থেকে পাঁচ বছরের জন্য ইজারা নিয়েছেন। এরপর পুনরায় পাউবোর কাছ থেকে ইজারা নবায়ন করেছেন। তবে ভূমি কার্যালয়ের সহকারী মাহবুব হোসেন বলেন, ওখানে সামান্য কিছু জমি পাউবোর। বাকিটা ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। কিছুতেই ওই জমি পাউবো ইজারা দিতে পারে না।
পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, ‘আমি এখানে যোগ দেওয়ার পর কাউকে ওই জমি ইজারা দিইনি। পুরোনো ইজারা নবায়নও করিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
সরেজমিনে দেখা যায়, খালের পূর্ব পাড়ের ক্রোক সেতু থেকে স্লুইস বাজার পর্যন্ত খালের পাড়ে নতুন টিনের বেড়া দিয়ে ভেতরে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। দখলকারীরা ভরাট করে জমির আয়তন বাড়াতে বাড়াতে খালের মাঝ বরাবর চলে গেছেন। একইভাবে পশ্চিম প্রান্ত থেকেও দখল চলছে। এতে খালটি সরু হয়ে গেছে।
পূর্ব পাড়ের দখলদার জামাল হোসেন বলেন, ‘আমরা ২০ বছর ধরে এখানে থাকি। আমরা যখন প্রথম ঘর তুলি, তখন এখানে চার-পাঁচটি ঘর ছিল। কিন্তু গত তিন মাসে এখানে তিন শতাধিক উঠেছে।’ তিনি আরও বলেন, এখানে সব ঘরই রাতে তোলা হয়েছে। কারও কোনো অনুমতি বা বন্দোবস্ত নেই।
ক্রোক স্লুইস বাজারের কয়েকজন ব্যবসায়ী পরিচয় গোপন রাখার শর্তে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব ঘর তুলে ভাড়া দিয়েছেন। কারও কারও পাঁচ-ছয়টি করে অবৈধ ঘর আছে। সম্প্রতি যুবলীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতা পাঁচটি ঘর তুলে সেগুলো ভাড়া দিয়েছেন।
বরগুনা সদরের সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মো. ইব্রাহিম গত বুধবার বলেন, ‘খালের জমি বন্দোবস্ত দেওয়ার প্রশ্নই আসে না। আমরা এরই মধ্যে অবৈধ দখলদারদের তালিকা করেছি। শিগগিরই এসব উচ্ছেদে অভিযান চালানো হবে।’