খালের ভেতরে বাঁশ ও টিনের স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রাজাখালী খালের মুখ দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। কর্ণফুলী নদীর মোহনায় নতুন চাক্তাই এলাকায় বাঁশ ও টিন দিয়ে ঘেরাও করে খালটির মুখ দখল করা হয়েছে। এর ফলে নগরের পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম খালটির মুখ সংকুচিত হয়ে পড়েছে।
মো. মঞ্জুর হোসেন চৌধুরী নামের এক ব্যক্তির পারিবারিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থাপনা তৈরির এ অভিযোগ উঠেছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মঞ্জুর হোসেন চৌধুরী বলেন, ‘রাজাখালী খালের যে অংশ ঘেরাও করে রেখেছি, সেটা আমার জায়গা। বিএস জরিপ অনুযায়ী এটি আমার ও আমার ভাইয়ের নামে। আগে আমাদের জায়গায় খেয়া পারাপারের ঘাট ছিল। এখন সেতু হয়ে যাওয়ায় ঘাটের জায়গাটি আমাদের হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা কোনো খাল দখল করিনি। এটা আমার জেনুইন জায়গা। আমি বিএস খতিয়ান দেখাতে পারব।’
স্থানীয় লোকজন বলেন, দীর্ঘদিন ধরে খালের ভেতরে এভাবে খুঁটি দিয়ে ঘেরাও দিয়ে রাখলেও তা উচ্ছেদের কোনো উদ্যোগ চোখে পড়েনি। দিন দিন দখলের পরিমাণ বাড়ছে। তাঁদের আশঙ্কা, দখলের প্রাথমিক পর্যায়ে যদি এটা উচ্ছেদ করা না হয়, ভবিষ্যতে এখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হতে পারে।
সরেজমিনে দেখা যায়, নতুন চাক্তাই এলাকায় রাজাখালী খালের ওপর একটি সেতু আছে। এই সেতুর মাধ্যমে তৃতীয় কর্ণফুলী সেতুতে উঠতে হয়। পাকা পোল (চাক্তাই ব্রিজ) নামে পরিচিত এই সেতুর নিচে খালের ভেতরে বাঁশ ও কাঠের খুঁটি পুঁতে দেওয়া হয়েছে। এরপর টিন দিয়ে তা ঘেরাও করে রাখা হয়েছে। প্রায় চার শতক এই প্রক্রিয়ায় দখল করা হয়।
খাল দখলের কথা নিশ্চিত করে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘খালের পাড়ের ভেতরের অংশ খালেরই। ওই জায়গায় কেউ কোনো খুঁটি দিতে পারে না। সেতুর পরের অংশটি বন্দরের। খালের মুখে অবৈধ স্থাপনা হলে তা জলাবদ্ধতা নিরসনে সমস্যা করবে। আমরা বিষয়টি বন্দরকে অবহিত করে সমন্বিতভাবে উচ্ছেদ অভিযান চালানোর উদ্যোগ নেব।’