খাসজমি দখল নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের হালতিবিলের খাসজমি দখলকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গা উপজেলার কুচকুড়ি গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। শনিবার সকালের এ সংঘর্ষে আব্দুস সামাদ মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাঁদের নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলডাঙ্গা পুলিশ ও স্থানীয় কয়েকজন অধিবাসী সূত্র জানিয়েছে, নলডাঙ্গা উপজেলার হালতিবিলে ১১ একর খাসজমি রয়েছে। এ জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের মধ্যে বিরোধ চলছিল। খলিলুর রহমান মৃধা খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর সোহরাব হোসেন নাটোর চিনিকলের ইক্ষু ক্রয়কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিআইসি)। শনিবার সকালে ওই জমি দখল করতে যান সোহরাব হোসেনের সমর্থকেরা। এ সময় খলিলুর রহমানের সমর্থকেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের আটজন আহত হন। তাঁদের মধ্যে পরে নাটোর সদর হাসপাতালে আব্দুস সামাদ মোল্লা মারা যান। তিনি চাঁদপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে এবং খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সমর্থক।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত লোকজনকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।