খাসজমি নিয়ে রশি টানাটানি
রাজশাহীর বাগমারার তাহেরপুরে কোটি টাকা দামের সরকারি জমি নিয়ে পৌরসভা ও এক ব্যবসায়ীর মধ্যে রশি টানাটানি শুরু হয়েছে। ব্যবসায়ী জালিয়াতির মাধ্যমে নিজের নামে জমি নিবন্ধন করেছেন। অপরদিকে পৌরসভার মেয়র নীতিমালা লঙ্ঘন করে তা ইজারা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা ভূমি কার্যালয়ের নথিপত্র ঘেঁটে দেখা যায়, ২০১২ সালের ৮ নভেম্বর তাহেরপুর বাজারের ২১ শতক জমি ভুয়া দাগ ও খতিয়ান নম্বর দিয়ে নিবন্ধন করে নেওয়া হয়। ব্যবসায়ী আবদুস সালাম জমির মালিক হিসেবে করুণা শংকর রায় নামের এক ব্যক্তিকে দেখিয়ে তাঁর কাছ থেকে ওই জমি কিনে নিয়েছেন। তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সারওয়ার আলম জানান, ব্যবসায়ী আবদুস সালাম তাহেরপুর বাজারে কেনা ওই জমির দলিলে দাগ নম্বর ১৭৭৬, ১৭৬৭ এবং খতিয়ান নম্বর ১১ উল্লেখ করেছেন। তবে দলিলে উল্লিখিত জমির মালিক তাহেরপুর পৌরসভার মথুরাপুর গ্রামের আয়ূব আলী। সালাম করুণা শংকর রায়ের কাছ থেকে যে জমি কিনেছেন, তার মালিকও তিনি (করুণা শংকর) নন। ওই জমি ১ নম্বর খতিয়ানের। তিনি এ-সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করেছেন।
স্থানীয় লোকজন ও কয়েকজন দলিল লেখক জানান, তাহেরপুর পৌরসভার ওই জমির দাম প্রায় এক কোটি টাকা হবে।
সরকারি ওই জমি পেতে তাহেরপুর পৌরসভার মেয়রও মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে জায়গাটি ব্যবসায়ী আবদুস সালাম দখলের চেষ্টা করলে পৌরসভার পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে ব্যবসায়ী আবদুস সালাম তাঁর (মেয়র) বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া পৌরসভার পক্ষে মেয়র জমিটি চলতি বছরের জন্য মাত্র ৯২০ টাকায় ইজারা নিয়েছেন। ওই পরিমাণ টাকা জমা দিয়ে গত বছরের ২১ আগস্ট তিনি উপজেলা ভূমি অফিস থেকে ডুপ্লিকেট কার্বন রসিদ বহি (ডিসিআর) সংগ্রহ করেছেন।
তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ অভিযোগ করেন, ব্যবসায়ী আবদুস সালাম জালিয়াতির মাধ্যমে এক কোটি টাকা দামের জমিটি দখলে নেওয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন, জমি সরকারি হলেও তা তাহেরপুর হাটের অংশ। পৌরসভা ওই জায়গা উপজেলা ভূমি কার্যালয় থেকে ইজারা নিয়েছে। তবে ব্যবসায়ী আবদুস সালাম জালিয়াতির বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানান, জায়গাটি তিনি ১১ লাখ টাকায় কিনেছেন। তাহেরপুরের মেয়র তা দখলের চেষ্টা করছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ জানান, মেয়রের নামে এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে তার কোনো বৈধতা নেই। তাহলে কীভাবে ইজারা দেওয়া হলো এ প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর যোগদানের আগে এ অনিয়ম করা হয়েছে।