বরগুনার আমতলী উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের খাসজমির দখল নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার বিকেলে ওই সংঘর্ষে নিহত ব্যক্তির নাম রাজ্জাক মৃধা (৭৫)।
নিহত ব্যক্তির পরিবার ও থানা-পুলিশ সূত্র জানায়, আমতলী উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের রাজ্জাক মৃধার জমির মধ্যে এক একর খাসজমি ছিল। ওই এক একর খাসজমি বছর দেড়েক আগে বন্দোবস্ত আনেন তাঁর ভাতিজা সালাম মৃধা। সালাম মৃধা ওই জমি বন্দোবস্ত পাওয়ার পর তাঁর চাচা রাজ্জাক মৃধা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছে।
বুধবার দুপুরে বিরোধীয় জমিতে সালাম মৃধা তাঁর লোকজন নিয়ে চাষাবাদ করতে যান। চাচা রাজ্জাক মৃধা খবর পেয়ে আমতলী থানা-পুলিশের এএসআই কাইয়ুম মিয়া ও আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাতে বাধা দেন। এ সময় পুলিশের উপস্থিতিতে সালাম মৃধা চাচা রাজ্জাক মৃধাকে মারধর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই দিন বিকেলে আবার সালাম মৃধা জমিতে চাষাবাদ করতে গেলে রাজ্জাক মৃধা ও তাঁর লোকজন বাধা দেন। এ সময় সালাম মৃধা, তাঁর ছেলে হাবিব মৃধাসহ ১০-১৫ জন রাজ্জাক মৃধা, তাঁর ছেলে কালাম মৃধা ও নাতি হোসেন মৃধাকে কুপিয়ে গুরুতর জখম করেন। গুরুতর অবস্থায় বুধবার সন্ধ্যায় তাঁদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের সংকটজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে রাজ্জাক মৃধা মারা যান।
এ ব্যাপারে জানতে চাইলে আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, রাজ্জাক মৃধার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুরে সালাম মৃধার পুত্রবধূ জাহানারা বেগম, জেসমিন ও রেহেনা বেগম নামে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে।