খাসজমিতে চলছে দুটি ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি বাজারে সরকারি খাসজমি দখল করে দুটি পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে একটি ভবনের একতলার নির্মাণ শেষ করে দোতলার কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে ভূমি কার্যালয়ের কর্মকর্তারা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবি বাজারের কাজিকান্দা কালভার্টসংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাসজমিতে পাশাপাশি দুটি পাকা ভবন নির্মাণের কাজ চলছে। এর মধ্যে একটির নিচতলার নির্মাণকাজ শেষে দ্বিতীয় তলার কাজ চলছে। ইতিমধ্যে এ ভবনের নিচতলায় ব্যবসার কাজে ব্যবহারের জন্য তিনটি কক্ষ করা হয়েছে। আরেকটি ভবনের নিচতলার নির্মাণকাজ শেষের পর্যায়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দোতলা ভবনটি ইউনিয়নের কালাচানপাড়া গ্রামের হোসেন হাওলাদার ও মনিপাড়া গ্রামের মিলন গাজী যৌথভাবে নির্মাণ করছেন। আর পাশের ভবনটি নির্মাণ করছেন ইউনিয়নের মনিপাড়া গ্রামের মো. শাহজাহান নামের এক ব্যক্তি। স্থানীয় ইউপি সদস্য নাসিম আরেফীন বলেন, দখলের বিষয়টি বড়বাইশদিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে জানানো হয়েছে।

খাসজমিতে কীভাবে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে, এ ব্যাপারে মুঠোফোনে হোসেন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে নিজেকে হোসেন হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার পরিচয় দিয়ে বলা হয়, তাঁরা নিজেদের জমিতে ভবন নির্মাণ করছেন। সরকারি জমিতে ভবন নির্মাণ করলে ভূমি কার্যালয় থেকে বাধা দিত। তবে তাঁদের বাজারের অধিকাংশ জমিই খাস এবং অনেকেই আগে থেকে সেখানে দোকানঘর তুলে ব্যবসা করে আসছেন বলে জানান তিনি।

তবে মো. শাহজাহান বলেন, তিনি আগে থেকেই বাজারের কাজিকান্দা কালভার্টসংলগ্ন পশ্চিম পাশে টিনশেড দোকানঘর তুলে ব্যবসা করে আসছেন। এখন অনেকেই পাকা ভবন তুলছেন দেখে তিনিও ভবন পাকা করছেন। তবে তিনি একতলা ভবন নির্মাণ করবেন বলে জানান।

বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা খাসজমি দখল করে এভাবে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে প্রচুর টাকা আয় করছেন। প্রথমে টিনশেড ঘর ও পরে সুযোগ বুঝে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। সরকারি এই জমি বাজারের ব্যবসায়ীদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং সরকারও রাজস্ব পাবে।

সরকারি খাসজমি দখল প্রসঙ্গে মৌডুবি ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) হুমায়ুন কবির বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। পাকা ভবন নির্মাণের খবর পেয়েছি। তবে ওই জমি খাস কি না, তা এ মুহূর্তে শনাক্ত না করে কিছু বলা যাচ্ছে না।’ তবে বড়বাইশদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) চান মিয়া বলেন, ‘বাজারে রেকর্ডীয় জমির পাশাপাশি কিছু খাসজমি রয়েছে। সার্ভেয়ার দিয়ে মেপে খাসজমি বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ জমি নির্ধারণ না করা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে রাঙ্গাবালী উপজেলার দায়িত্বে থাকা ইউএনও সহকারী কমিশনার (ভূমি) এ বি এম সাদিকুর রহমান বলেন, বিষয়টি জানার পর বাজারে সরকারি খাসজমি চিহ্নিত করে দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।