খাসজমিতে ছাত্রলীগ নেতার স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ ভবনসংলগ্ন কাছারি বাড়ির খাসজমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন জাহিদ শরিফ নামে ছাত্রলীগের এক নেতা। জাহিদ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
খোঁজ নিয়ে জানা গেছে, আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ ভবনসংলগ্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজাগারের সামনের জায়গা দখল করে জাহিদ দেড় মাস আগে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। সরকারি খাসজমিতে ওই স্থাপনা নির্মাণে তিনি ভূমি কার্যালয় থেকে কোনো অনুমতি নেননি।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার যোগসাজশে জাহিদ ওই ভবন নির্মাণ করছেন। সম্প্রতি সেখানে গিয়ে দেখা গেছে, পাকা ভবনের নির্মাণকাজ চলছে। ওই সময় জাহিদের কাছে খাসজমিতে স্থাপনা নির্মাণের অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ঘর নির্মাণের ডিসিআরের কাগজ আছে। তবে তিনি এর কোনো কাগজ দেখাতে পারেননি।
আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান মিয়া বলেন, ‘স্থানীয় প্রশাসন খাসজমিতে স্থাপনা নির্মাণে কোনো বাধা দেয়নি। প্রশাসনের সহযোগিতা ছাড়া আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষে স্থাপনা নির্মাণকাজ বন্ধ করা সম্ভব নয়।’
আমড়াগাছিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সমীর বিশ্বাস জানান, ১ নম্বর খাসখতিয়ানভুক্ত কাছারি বাড়ির সম্পত্তি কোনো ব্যক্তির নামে বন্দোবস্ত বা স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া যায় না। জাহিদ ওই জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন। তিনি গত মাসের ১৮ তারিখ আমড়াগাছিয়ায় যোগদান করেছেন। স্থাপনা নির্মাণকাজ তাঁর যোগদানের আগে শুরু করা হয়েছে।
সমীর বিশ্বাসের আগের সহকারী ভূমি কর্মকর্তার দায়িত্বে থাকা নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, খাসজমিতে স্থাপনা নির্মাণ শুরু করার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা ইউএনও মো. আহসান হাবিব বলেন, ‘স্থাপনাটি নির্মাণের কথা আমি শুনেছি। শিগগিরই ভেঙে দেওয়া হবে।’