খাসজমিতে ব্যাংকের স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে মঠবাড়িয়া শহরের খাসজমিতে আধা পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ অবস্থায় ৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৬ সালে প্রতিষ্ঠিত মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক পৌর শহরের ব্যাংক ভবন-সংলগ্ন ১ নম্বর খতিয়ানভুক্ত ১৬৯৫ নম্বর দাগের ৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। গত ১৭ আগস্ট ব্যাংকের সাধারণ সভায় ওই জমিতে আধা পাকা দোকানঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ জন্য ওই সভায় ব্যাংকের সহসভাপতি নাফিজ উদ্দিন আহমেদ, পরিচালক শাহাদাৎ হোসেন ও শরিফ আলমগীর হোসেনের সমন্বয়ে তিন সদস্যের একটি প্রকল্প কমিটি গঠন করে। এক মাস আগে তাঁরা ভূমি কার্যালয়ের অনুমতি ছাড়াই সেখানে স্থাপনা নির্মাণ শুরু করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতব্বর অভিযোগ করেন, ‘খাসজমি দখল করে অবৈধভাবে শাহাদাৎ হোসেন ও শরিফ আলমগীর হোসেন ওই জমিতে স্থাপনা নির্মাণ করছেন। তাঁরা আওয়ামী লীগের নেতা হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই আমি এ ঘটনার প্রতিবাদ করেছি।’
শরিফ আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘৮৮ বছর ধরে ওই জমি সমবায় ব্যাংক ভোগ দখল করছে। আগে সেখানে কাঠের ঘর ছিল। বর্তমানে ওই জমিতে ব্যাংকের তোলা একটি কাঠের ঘর রয়েছে। ওই জমিটি পর্চায় ব্যাংকের নামে রেকর্ড হয়ে আছে। সরকারি দলের একটি মহল ওই জমি দখল করার পাঁয়তারা চালালে আমরা ব্যাংকের সাধারণ সভায় সেখানে আধা পাকা দোকানঘর নির্মাণের সিদ্ধান্ত নিই।’
সমবায় ব্যাংকের চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, ব্যাংকের আয় বৃদ্ধির জন্য পরিচালনা পর্ষদের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই জমিতে ঘর নির্মাণ করা হচ্ছিল। স্থাপনা নির্মাণকাজ ব্যাংকের লোকজন করায় সেখানে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কিছু নেই। জমিটি ব্যাংকের নামে একসনা বন্দোবস্ত পাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন বলে তিনি জানান।
সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা ইউএনও আহসান হাবিব বলেন, ‘সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়ার পর পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।’