খাসজমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় তিলার্দিরচরে ধলেশ্বরী শাখা নদীর তীরের খাসজমির মাটি কেটে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। পৌরসভার মেয়র এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।    

মাটি কাটা বন্ধে সদরের ইউএনও সারাবান তাহুরা গত বুধবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে অভিযান চালান। কিন্তু তাঁর উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরে পড়েন। তবে তাঁদের একজনের মুঠোফোন জব্দ করা হয়েছে।

ইউএনও সারাবান তাহুরা সহকারী ভূমি কর্মকর্তার (সদর) দায়িত্বও পালন করছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এই চক্রের সদস্যরা নদীতীরের খাসজমির মাটি কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বুধবার দুপুরে অভিযান চালানো হয়। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে একটি মুঠোফোন জব্দ করা গেছে। ওই মুঠোফোনের কল তালিকা থেকে চক্রের সবাইকে শনাক্ত করা হবে।

 গতকাল সরেজমিন দেখা যায়, নদীতীরের বিস্তীর্ণ জমির মাটি কেটে নেওয়া হয়েছে। এর ফলেনদীর সীমানা দেওয়া বিআইডব্লিউটিএর খুঁটি ও আশপাশের চার-পাঁচটি বিদ্যুতের টাওয়ার যেকোনো সময় উপড়ে পড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর মেয়র শহীদুল ইসলামের লোকজন প্রায় দুই মাস ধরে মাটি কেটে নিচ্ছেন। এত দিন তাঁরা দিনদুপুরে তিলার্দিচরে ধলেশ্বরীর শাখা নদীর তীর ঘেঁষে প্রায় এক কিলোমিটার এলাকায় খাসজমির মাটি কেটে ট্রলারে ভরে নিয়ে বিক্রি করেন। সরকার থেকে বন্দোবস্ত নিয়ে এই খাসজমিতে অনেকে ফসলের চাষাবাদ করেছিলেন। ফসলসহ মাটি কেটে নেওয়া হয়েছে। মেয়রের সঙ্গে মুন্সিগঞ্জের একটি প্রভাবশালী চক্রও জড়িত বলে দাবি করেন তাঁরা।

মো. আনিস নামের এক ভুক্তভোগী প্রথম আলোকে বলেন, তিনি প্রায় ৬০ শতাংশ জমিতে আলু ও বাঙ্গি চাষ করেন। কিন্তু প্রভাবশালী চক্রটি খেতের ফসলসহ দিনদুপুরে মাটি কেটে নিয়ে যায়। ইউএনও অভিযান চালানোর পরদিন মাটি কাটা বন্ধ থাকে। কিন্তু বুধবার দিবাগত রাত চারটা থেকে ভোর পর্যন্ত আবারও মাটি কেটে নেওয়া হয়।

মাটি কাটার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে পৌর মেয়র শহীদুল ইসলাম বলেন, যে স্থানকে তীর বলা হচ্ছে সেটা একসময় নদী ছিল। বিআইডব্লিউটিএ থেকে নদী খননের বন্দোবস্ত এনে সেখানে মাটি কাটছেন ইকবাল চৌধুরী নামের এক ব্যক্তি।

ইকবাল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নদী খননের কাজে সংশ্লিষ্ট বিআইডব্লিউটিএর খননযন্ত্রের মেকানিক্যাল প্রকৌশলী মো. সেন্টু বলেন, ‘আমরা কেবল নদীতেই খননকাজ করছি। তীরের অংশে আমরা খনন করছি না। সেখানে স্থানীয় লোকজন কোদালে মাটি কাটছেন। এর সঙ্গে আমরা যুক্ত নই।’

জানতে চাইলে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, খাসজমির মাটি কাটার সঙ্গে যত বড় প্রভাবশালীই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে মাটি কাটা বন্ধ করা হয়েছে। প্রয়োজনে রাতেও অভিযান চালানো হবে।