খাসজমির মালিক যুবলীগ কর্মী!
দাবি করা চাঁদা না পেয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজারে খাসজমিতে বসবাসকারী এক ব্যক্তিকে উচ্ছেদ করার হুমকি দিয়েছেন মো. টিপু নামের যুবলীগের এক কর্মী। মো. টিপু কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের (মিঠু) ছোট ভাই।
গতকাল দুপুরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হতদরিদ্র মো. আলাউদ্দিন মোল্লা (৫৬) ২০-২৫ বছর আগে কনকদিয়া বাজারের তিন শতাংশ খাসজমিতে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।
আলাউদ্দিন মোল্লা বলেন, ‘এক মাস আগে হে (টিপু) আইয়া কয় এখন হইতে থাকতে অইলে হ্যারে দেড় লাখ টাহা দিয়া থাকতে অইবো। টাহা না দিলে আমার ঘর ভাইঙা হে পাকা ঘর বানাইবো বইলা হুমকি দিতাছে। আইজ (বৃহস্পতিবার) ইট আইনা ঘরের সামনে রাখছে।’
আলাউদ্দিনের পুত্রবধূ মোসা. ফেরদৌসী বেগম বলেন, ইট রাখতে নিষেধ করায় টিপু তাঁদের মেরে বস্তায় ভরে খালে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন।
মো. টিপু চাঁদা চাওয়ার ও ঘর দখলের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ওই ঘর তিনি কিনেছেন। খাসজমি কীভাবে কিনেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে।’