তরিকুলের নেতৃত্বে খিজির খান হত্যা: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল থেকে গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যায় নেতৃত্ব দিয়েছেন। তিনিই গলা কেটে হ্ত্যা করেছেন খিজিরকে। এই হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনের তথ্যের বরাত দিয়ে এমন দাবি করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার টাঙ্গাইল থেকে তরিকুলকে ও রাজধানী ঢাকার মিরপুর থেকে মো. আলেক ব্যাপারী নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সংবাদ ব্রিফিংয়ের সময় ওই দুজন উপস্থিত ছিল।

মনিরুল ইসলাম বলেন, তরিকুল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম সংগঠক। ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় তিনি পাঁচ বছর কারাভোগ করেন। খিজির খান হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন আটজন। যে গাড়িতে করে হত্যাকারীরা এসেছিলেন, সেই গাড়ির চালক ছিলেন আলেক ব্যাপারি।

পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, হত্যাকারীরা দুই ভাগে ভাগ হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। একদল তিনতলায় গিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দুটি ল্যাপটপ, দুটি ক্যামেরা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আরেক দল দোতলায় এক হয়ে খিজির খানকে গলা কেটে হত্যা করে।

গ্রেপ্তার হওয়া দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ধর্মীয় মতাদর্শের কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁরা পীর হত্যা ইমানী দায়িত্ব মনে করেন। এ কাজটিকে তাঁরা শিরক মনে করেন।

ডিবির এই কর্মকর্তা বলেন, এ হত্যায় যাঁরা ছিলেন, তাঁরা একে অপরকে চেনেন না। মিশনের আগে তাঁরা একে অপরের ছোট নাম ব্যবহার করেন, যা আসলে ভুয়া। তবে অন্য হত্যাকারীদের দেখলে তরিকুল চিনতে পারবেন বলে জানিয়েছেন।

গত বছরের আগস্টে ঢাকায় মাওলানা নুরুল ইসলাম ফারুকী বা এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা আছে কি না, জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, তারা দুই বছর ধরে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে তাঁরা একে অপরকে চেনেন না। যখন এ ধরনের পরিকল্পনা করা হয়, তখন তাঁরা বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় জড়ো হন। তখন তাঁদের সংক্ষিপ্ত নাম দেওয়া হয়। এ হত্যাকাণ্ডের আগে তাঁরা বেশ কিছুদিন ধরে খিজির খানের বাড়ির চারপাশে ঘুরে লোকজন কখন যাওয়া আসা করে তা পর্যবেক্ষণ করেন।

মালামাল লুটকে তাঁরা গণিমতের মাল মনে করেন। এ জন্য তাঁরা এসব নিয়ে গেছেন। এ ছাড়া গলা কেটে হত্যা করাকে তাঁরা সওয়াব মনে করেন। তাই আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে জবাই করেছেন। তা ছাড়া আগ্নেয়াস্ত্র ব্যবহারে শব্দ হয় বলে হত্যাকাণ্ড ঘটাতে অসুবিধা হয়।

খিজির খানকে ৫ অক্টোবর সন্ধ্যায় ঢাকার মধ্য বাড্ডায় নিজ বাসায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। মধ্য বাড্ডার বাড়িটির তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন খিজির খান। এর দোতলায় রয়েছে ‘রহমতিয়া খানকাহ শরিফ (ঢাকা শাখা) ’। খিজির খান এই খানকাহ শরিফের পীর ছিলেন।

আরও পড়ুন: