খিলক্ষেত আবার হকারদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই পুরোনো দৃশ্য। রেললাইনের ওপরে, লাইনের দুই পাশে, রাস্তার পাশে ফুটপাতে হরেক রকম পণ্যের পসরা। চলছে দরদাম, হাঁকডাক, বেচাকেনা। একেবারে জমজমাট বাজার। খিলক্ষেত বাসস্ট্যান্ডের ফুটপাত এবং রেললাইনের দুই পাশ আবার চলে গেছে হকারদের দখলে।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, খিলক্ষেত বাসস্ট্যান্ড, পাশের ফুটপাত এবং রেললাইনের দুই পাশ অবৈধ দখলে ভরে গেছে। আগের মতোই চলছে শাকসবজি, ফলমূল, জামাকাপড়, জুতা, খাবারদাবার, মাছ-মাংসসহ হরেক রকমের পণ্যের কেনাবেচা। দখল থেকে বাদ যায়নি রেললাইনটিও। লাইনের ওপরেই কাঠের মাচা তৈরি করে সাজানো হয়েছে পণ্যের পসরা। লোকজনও সেখানে জটলা করছেন। ট্রেন চলে এলে দ্রুত সরে পড়েন,  চলে গেলে আবার মালামাল নিয়ে বসে যান। 

 গত নভেম্বরে এই এলাকাটিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুবার উচ্ছেদ অভিযান চালান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তখন খিলক্ষেত বাসস্ট্যান্ডের রাস্তার পূর্ব পাশের ফুটপাত এবং রেলওয়ের জমিতে লাইনের দুই পাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভেঙে ফেলা হয়েছিল। দুই দফা অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয় মোট ৮০ হাজার টাকা।

গতকাল এই বাজার থেকে মেয়ের জন্য শীতের কাপড় কেনেন অটোরিকশাচালক জামিল মিয়া। তিনি বলেন, ‘আইতে যাইতে তাগোর (ব্যবসায়ীদের) ডাহাডাহি হুনি। তাই আইজকা গিয়া কিনলাম এইডা। হ্যাগোর ডাক হুইনাই যেকোনো মাইনসে যাইব ওহানে।’

উচ্ছেদ বিষয়ে একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তাঁরা সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে লোক দেখানো বলে মন্তব্য করেন। তাঁরা বলেন, ‘বিনা মূল্যে তো আর আমরা এখানে ব্যবসা করি না।’ শামীম নামের এক বিক্রেতা বলেন, ‘আমরা তো নিয়মিতই টাকা দিই। তারা উচ্ছেদ করে লাইনের টাকা বাড়ানোর জন্য।’ তিনি বলেন, যতবার উচ্ছেদ হয়, লাইনে নতুন করে দোকান বসাতে টাকার পরিমাণ তত বাড়তে থাকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফুটপাত দখল করে ব্যবসা করায় চলাফেরায় অনেক সমস্যা হচ্ছে। স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন না তাঁরা। সৃষ্টি হচ্ছে যানজট।