খিলক্ষেতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
অবৈধ দখল উচ্ছেদের চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার খিলক্ষেত বাসস্ট্যান্ডের আশপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় দুটি খাবারের দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার বেলা ১১টায় অভিযান শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। ডিএনসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান হয়। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রসিকিউশন কর্মকর্তা আবদুস সালাম উপস্থিত ছিলেন। অভিযানের সময় খিলক্ষেত বাসস্ট্যান্ড-সংলগ্ন রেলের জায়গায় লাইনের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকান ও লাইনের পূর্ব পাশে থাকা হকার্স মার্কেটের শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। খিলক্ষেত বাজারের পাশে মান্নান প্লাজার সামনের জায়গায় অবৈধ একতলা ভবনের দোকানটিও এ সময় উচ্ছেদ করা হয়েছে। তা ছাড়া ভেজাল ও বাসি খাবার বিক্রির অভিযোগে হাজী রেস্টুরেন্টকে ৩০ হাজার এবং আবদুর রহমান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রসিকিউশন কর্মকর্তা আবদুস সালাম বলেন, মান্নান প্লাজার সামনের জায়গায় অবৈধভাবে একতলা ভবন নির্মাণ করে সেখানে দোকান ভাড়া দেওয়া হয়েছিল। এটি উচ্ছেদ করা হয়। তিনি আরও বলেন, মূলত আবদুল্লাহপুর মোড় এবং হাউস বিল্ডিং ও আশপাশের এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল। তবে এ উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।