খিলক্ষেতে ছাদ থেকে ছাত্রকে ফেলে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতের উত্তরপাড়ায় গত মঙ্গলবার রাতে মুরাদ হোসেন (২০) নামের এক ছাত্রকে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। মুরাদ উত্তরার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
খিলক্ষেত থানার পুলিশ বলেছে, মুরাদ উত্তরপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পাশের বাড়ির এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু মেয়েটির মা-বাবা রাজি না হওয়ায় সাততলা বাড়ির ছাদ থেকে তিনি নিচে লাফিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাঁকে বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল বুধবার তাঁরা লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে লাশ চট্টগ্রামে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
মুরাদের বাবা হাসান চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, স্ত্রী ও চার মেয়েকে নিয়ে তিনি চট্টগ্রামের ভুজপুরে থাকেন। তাঁর একমাত্র ছেলে মুরাদকে পড়াশোনার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন। মুরাদ উত্তরপাড়ায় একটি বাড়িতে ভাড়া থেকে উত্তরার আইসিডি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ত। উত্তরপাড়ার ওই বাড়ির পাশের একটি বাড়ির ভাড়াটের এক মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েটির মা স্থানীয় এক দোকানিকে দিয়ে মঙ্গলবার রাতে মুরাদকে ডেকে সাততলার ছাদে নিয়ে যান।
হাসান চৌধুরী অভিযোগ করেন, ওই দোকানি ছাদ থেকে মুরাদকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করেছেন। ঘটনার পর দোকানি পালিয়ে গেছেন। এ ঘটনায় তিনি খিলক্ষেত থানায় মামলা করতে গেলে পুলিশ হত্যা মামলা নেয়নি। একমাত্র ছেলে মুরাদকে হারিয়ে তাঁর মা পাগলপ্রায়।
এ ব্যাপারে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে মুরাদ যে বাড়িতে ভাড়া থাকতেন, এর পাশের বাড়িটি তাঁর চাচার। চাচার বাড়ির ভাড়াটের এক মেয়েকে বিয়ে করতে না পেরে মুরাদ বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। তবে মুরাদের বাবার অভিযোগের বিষয়ে তিনি অবগত আছেন। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ওই প্রতিবেদন অনুযায়ী মামলা নেওয়া হবে।