খিলক্ষেতে বস্তিতে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লজেন্স কিনে দেওয়ার কথা বলে চার বছরের এক কন্যাশিশুকে ডেকে নিজেদের ঘরে নিয়ে ধর্ষণ করেছে এক কিশোর। রাজধানীর খিলক্ষেতে খাঁপাড়া বস্তিতে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটিকে মঙ্গলবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে রাতেই খিলক্ষেত থানার পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
খিলক্ষেত থানার পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ধর্ষণের শিকার শিশুটি তার মা-বাবার সঙ্গে খাঁপাড়া বস্তিতে থাকে। তার মা-বাবা তৈরি পোশাক কারখানার শ্রমিক। মঙ্গলবার সকালে শিশুটিকে মা-বাবা তাঁদের এক আত্মীয়ের কাছে রেখে কর্মস্থলে যান। বিকেলে শিশুটি বস্তির সামনে খোলা জায়গায় খেলছিল। একপর্যায়ে পাশের ঘরের এক কিশোর তাকে লজেন্স কিনে দেওয়ার কথা বলে তাদের ঘরে নিয়ে যায়। এ সময় ওই ঘরে কেউ ছিল না। ওই কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। শিশুটির বাবা-মা কাজ শেষে ঘরে ফিরে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। বিষয়টি তাঁরা আশপাশের লোকজনকে জানান। পরে লোকজন ওই কিশোরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রাত পৌনে একটার দিকে শিশুটিকে তার বাবা-মা ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করান।
শিশুটির বাবা গতকাল বুধবার হাসপাতালে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা কর্মস্থল থেকে ফিরে ধর্ষণের বিষয়টি জানতে পারেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গতকাল শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে অভিযোগ ওঠা কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। কিশোরটিকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।