খিলক্ষেতে রেললাইনের ওপরই চলছে বিক্রিবাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিলক্ষেতে রেললা​ইন ঘেঁষে প্রতিদিন বসে কঁাচাবাজার৷ ক্রেতা–বিক্রেতাদের কোলাহলে জায়গাটি সরগরম থাকে সব সময়। পাশ দিয়ে ট্রেন যাওয়া–আসা করলেও সেদিকে ​ভ্রুক্ষেপ থাকে না কারোর। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি রোববার সকালে তোলা l প্রথম আলো
খিলক্ষেতে রেললা​ইন ঘেঁষে প্রতিদিন বসে কঁাচাবাজার৷ ক্রেতা–বিক্রেতাদের কোলাহলে জায়গাটি সরগরম থাকে সব সময়। পাশ দিয়ে ট্রেন যাওয়া–আসা করলেও সেদিকে ​ভ্রুক্ষেপ থাকে না কারোর। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি রোববার সকালে তোলা l প্রথম আলো

ট্রেন এক শ গজ দূরে। লাইনের পাশে তিনজন ক্রেতা দাঁড়িয়ে চা খাচ্ছেন। দোকানি বললেন, ‘যেই রকম খাড়ায়া আছেন, সেই রকমই থাকেন, নইড়েন না, সমস্যা অইব না।’
ট্রেন চলে গেল, সব স্বাভাবিক। দোকানির সতর্কতা অনুযায়ী ক্রেতারা নড়েননি। সে জন্যই কি তাঁরা ট্রেনের ধাক্কা খাননি? শনিবার সকাল প্রায় পৌনে আটটায় এমন একটি ঘটনা দেখা গেল খিলক্ষেত রেললাইনের পশ্চিম প্রান্তে লেভেল ক্রসিংয়ের কাছে।
রেললাইনের প্রায় কাছ ঘেঁষে একই সারিতে বাঁশ আর টিনের অন্তত ১০টি ঘর। চা-বিস্কুট-পাউরুটি বিক্রি হয়। অন্য পাশে ফলমূলের দোকান। একটু দূরেই দুই লাইনের মাঝের এক চিলতে জায়গায় অন্তত ১৫ জন বসেছেন শাকসবজি নিয়ে। একেবারে রেললাইনের ওপরই রাখা হয়েছে বেগুন, কপি, মুলা, পেঁয়াজপাতা, ডাঁটা। পাঁচ মিনিট পরপর ট্রেন যাচ্ছে, নিমেষেই মালামাল সরিয়ে নিচ্ছেন বিক্রেতারা। এমন ঝুঁকির মধ্যে সবজি নিয়ে বসেছেন, দুর্ঘটনা ঘটলে? একই সঙ্গে জবাব দিলেন তিন বিক্রেতা। প্রায় একই বক্তব্য। মর্মার্থ হচ্ছে, এখানে না বসে তাঁদের কোনো উপায় নেই। সামান্য লাভে বিক্রি। তাই দিয়ে সংসার চলে। তাঁরা আরও জানান, এক লাইন দিয়ে ট্রেন গেলে কোনো সমস্যা নেই। দুই লাইন ব্যস্ত থাকলে সমস্যা। তখন ক্রেতারা ভয়ে দূরে সরে যান, মাঝখানে জড়োসড়ো হয়ে বিক্রেতা বসে থাকেন।
লেভেল ক্রসিংয়ের গেট ওঠানো-নামানোর চাবি আবদুল আজিজের হাতে। ১২ বছর ধরে এই খিলক্ষেত ক্রসিংয়েই আছেন। একই কাজ করছেন। রেললাইনে বেচাকেনার ছবি তুলতে দেখে আবদুল আজিজ প্রশ্ন করেন, ‘আপনি কি পত্রিকার লোক?’ পরিচয় পাওয়ার পর তিনি জানান, ঝুঁকি নিয়ে দোকান না বসাতে বলেছেন তিনি। কিন্তু কেউ কান দেয় না। অথচ দিন পনেরো আগেই ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন।
ট্রেন আসছে জয়দেবপুর প্রান্ত থেকে, তিনি গেট ফেলার চাবিতে হাত দিলেন, গেট নামছে। মাথা নিচু করে ঢুকে গেল তিন রিকশা, পাঁচ মোটরসাইকেল। আবদুল আজিজ বললেন, ‘দ্যাখলেন, কাটা পড়লে আমার দোষ অইবো।’
মাস দেড়েক আগেই এখানে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। রেললাইনের পূর্ব পাড়ে ধ্বংসাবশেষ রয়ে গেছে এখন পর্যন্ত। তারপরও বসেছে চা-বিস্কুট, ফলমূলের দোকান। শুধু খিলক্ষেত নয়, রাজধানীর বিভিন্ন স্থানে রেললাইন ঘেঁষে অবৈধ কাঁচাবাজার ও দোকানপাট বসেছে। সম্প্রতি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর জুরাইন রেলগেটের দুই পাশের দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল। পরে আর তদারকি হয়নি। ফের দোকান বসেছে।
রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট কর্মকর্তা নূরুন্নবী কবির জানান, শিগগির আবারও অভিযান শুরু হবে। যেসব স্থানে সীমানা গ্রিল দেওয়া হয়নি, সেগুলোয় গ্রিল দেওয়ার বিষয়ে রেলের প্রকৌশল বিভাগ সিদ্ধান্ত নেবে।