খিলখেত থেকে দুই 'জঙ্গি' গ্রেপ্তার
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নাঈম আহমেদ ওরফে আনাস ওরফে আবু হামজা ওরফে আরিশা কুনিয়া এবং আনোয়ার হোসেন। তাঁদের কাছ থেকে ৩০টি ডেটোনেটর ও উগ্রবাদী মতাদর্শের কিছু বই উদ্ধার করা হয়।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপমহাপরিদর্শক মনিরুল ইসলাম আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে নাঈম আহমেদ গুলশানের হোলি আর্টিজান হামলা মামলার অন্যতম আসামি বাশারুজ্জামান চকলেটের ঘনিষ্ঠ ছিলেন। ২০১৫ সালে তাঁরা একই আইটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত বছরের ২৬ জুলাই কল্যাণপুরের জঙ্গি আস্তানায় যাঁরা নিহত হন, তাঁদের সঙ্গে নাঈমও প্রশিক্ষণ নিয়েছিলেন।
মনিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বাশারুজ্জামান চকলেট চাঁপাইনবাবগঞ্জে পুলিশি অভিযানে নিহত হয়েছেন। সিরিয়ায় ড্রোন হামলায় নিহত সাইফুল ইসলাম সুজনের সঙ্গে বিভিন্ন সময় নাঈমের যোগাযোগ হয়েছে বলে তিনি জানান।
মনিরুল ইসলাম আরও বলেন, অপর আসামি আনোয়ার হোসেন সাভারের হেমায়েতপুরে একটি মোটর গ্যারেজের মালিক। ২০১৫ সাল থেকে তিনি নব্য জেএমবিতে যুক্ত হন। নব্য জেএমবির শুরা সদস্যদের পরামর্শে গাড়ি হামলার জন্য তিনি তাঁর গ্যারেজ প্রশিক্ষণের ব্যবস্থা করতেন। গুলশানের হোলি আর্টিজানে হামলার পর নব্য জেএমবির সদস্যরা গাড়িবোমা হামলারও প্রস্তুতি নিয়েছিলেন। যাঁরা প্রস্তুতি নিয়েছিলেন, তাঁদের বড় অংশ নিহত হয়েছে বা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আনোয়ার হোসেনের সঙ্গে জেএমবির সারোয়ার জাহান, রিপন, নোমান, আল-বানী ও ডনের যোগাযোগ ছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে ডন কে, সে সম্পর্কে মনিরুল ইসলাম বিস্তারিত কিছু জানাননি। গত সোমবার মিরপুরের দারুস সালামের মাজার রোডে র্যাবের অভিযানে নিহত ‘আবদুল্লাহ’র সঙ্গেও ডনের পরিচয় ছিল।
মনিরুল ইসলাম অবশ্য বলেছেন, পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে জঙ্গিগোষ্ঠীগুলোর হামলা করার সামর্থ্য এখন প্রায় নেই। তবে বিচ্ছিন্নভাবে তাদের তৎপরতা আছে। নোয়াখালীতে একজন পীর খুন হওয়ার ঘটনায় নব্য জেএমবির সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হয়েছে।