খিলগাঁওয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
রাজধানীর খিলগাঁওয়ে গতকাল মঙ্গলবার বিকেলে মো. জয়নাল খাঁ (৩৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
খিলগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, খবর পেয়ে বেলা একটার দিকে খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ার একটি গলি থেকে জয়নালের লাশ উদ্ধার করা হয়। তাঁর সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িত দুজনের নাম পাওয়া গেছে। তাঁদের খোঁজা হচ্ছে।
জয়নালের ফুফাতো ভাই রুবেল খাঁ প্রথম আলোকে বলেন, জয়নাল সবুজবাগের শেখের জায়গা এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। তিনি প্রাইভেট কারের চালক। তবে বর্তমানে কোনো চাকরি না থাকায় রিকশা চালাতেন। গতকাল দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় শ্বশুরবাড়ির দিকে গিয়েছিলেন।
জয়নালের গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। বাবা আবদুল জলিল।
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা ১১টার দিকে দারুস সালাম থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন এলাকার এক বাসা থেকে আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ভোরে আসমা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে স্বামী সাব্বির তাঁর লাশ নামিয়ে পুলিশে খবর দেন।