খিলগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ের এক ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো মো. মোশতাক, সোহেল ওরফে বানুটি সোহেল, মো. রাসেল ও আরজু।
ডিবি বলছে, গত শনিবার রাতে ওয়ারী থানার হাটখোলা রোড এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, মোটরসাইকেল ও নগদ কিছু টাকাসহ এই চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ৭ ডিসেম্বর সকালে খিলগাঁও থানার গোড়ান এলাকার এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুস সালাম প্রতিষ্ঠানের ২০ লাখ টাকা ব্যাংকে জমা দিতে রিকশাযোগে যাচ্ছিলেন। কিছদূর যাওয়ার পর মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁর গতিরোধ করে। তখন পাশ থেকে আরও কয়েকজন যুবকও তাঁকে ঘিরে ধরে। তাঁর বাম উরুতে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। আহত আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়।
গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির (দক্ষিণ) উপকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, গোড়ানের ওই ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র ও বোমাসহ সাত-আটজন যুবক অংশ নেয়। ওই ঘটনার পর থেকে ডিবি ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। তদন্তে নিশ্চিত হওয়ার পর শনিবার রাত আটটার দিকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১২টি গুলি, নগদ ৪৫ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা করা হয়েছে।