খিলগাঁওয়ে বাসে আগুন, চারজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে আজ শুক্রবার রাত নয়টার দিকে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন যাত্রী দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, ফটোস্ট্যাট মেশিনের টেকনিশিয়ান রাজু আহমেদ ও জীবন, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. জামিলউদ্দিন ও মো. বেলায়েত হোসেন। তাঁদের হাত, পা, পিঠ ও মুখ ঝলসে গেছে।

একাধিক আহত ব্যক্তি ও পুলিশ জানায়, রাত নয়টার দিকে তুরাগ পরিবহনের বাসটি খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে যাত্রীবেশে বাসে ওঠা চার-পাঁচজন দুর্বৃত্ত পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাসের যাত্রীরা দ্রুত নেমে যান, তবে চারজন দগ্ধ হন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথম আলোকে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসের চালক ও সহকারীদের ধারণা, দুর্বৃত্তরা যাত্রী সেজে বাসে উঠে বাসটিতে আগুন দিয়েছে।