খিলগাঁওয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার নেই, ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুরে শরিফ হোসেন ওরফে সায়মনকে হত্যা ও তাঁর বাবাকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখকে গতকাল প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
শরিফের বাবা ব্যবসায়ী মো. ইসরাইল হোসেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
শান্তিপুরে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে শরিফ ও তাঁর বাবাকে বাড়ির কাছে গুলি করে ৩৮ লাখ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে শরিফকে মৃত ঘোষণা করা হয়। ইসরাইল হোসেন বলেছেন, তাঁদের সঙ্গে এত টাকা থাকার বিষয়টি হয়তো কোনো মাধ্যমে ছিনতাইকারীরা জেনে ফেলেছিল। মতিঝিলে তাঁর মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে।
ওই ঘটনার ব্যাপারে ইসরাইল হোসেনের ভাই মজিবর রহমান গতকাল দুপুরে অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেছেন। মামলা হওয়ার বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক।
পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইসরাইল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, বিকেল হয়ে যাওয়ায় তিনি ৩৮ লাখ টাকা ব্যাংকে জমা দিতে পারেননি। এত টাকা নিজ প্রতিষ্ঠানে রাখাও নিরাপদ মনে না করায় টাকাগুলো বাড়ি নিয়ে যাচ্ছিলেন। টাকা বহনের খবর হয়তো কোনো মাধ্যমে ছিনতাইকারীরা আগেই জেনে ফেলেছিল। এ কারণে তারা গ্যারেজের আশপাশেই ছিল। তাঁরা খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের উল্টো পাশের ওই গ্যারেজের সামনে গাড়ি থেকে নেমে দুই বাড়ি পরে নিজ বাড়ির দিকে কয়েক কদম এগোতেই ছিনতাইকারীরা গুলি করে ও বোমার বিস্ফোরণ ঘটায়। টাকার ব্যাগ ছিল তাঁর হাতে। গুলিবিদ্ধ হয়ে একপর্যায়ে তিনি পড়ে যান এবং জ্ঞান হারান। জ্ঞান ফিরলে দেখেন, ব্যাগটি তাঁর হাতের নিচে এবং কাছেই ছেলের নিথর দেহ পড়ে আছে। ছয়-সাতজন ছিনতাইকারী দুই দিক থেকে গুলিবর্ষণ করে ও বোমা ছোড়ে। ওরা একপর্যায়ে ব্যাগ ধরে টান দিলে তিনি ছেড়ে দেন। তারা ব্যাগটি নিয়ে নির্বিঘ্নে দৌড়ে চলে যায়। এলাকায় তখন বিদ্যুৎ ছিল না।
ইসরাইল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলে আমার খিলগাঁওয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ত। মাঝেমধ্যে আমার ব্যবসায়ও সহযোগিতা করত। বৃহস্পতিবার সকালে তাকে ঘুম থেকে উঠিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়ে যাই। একমাত্র ছেলেকে হারিয়ে এখন যে আমার সব শেষ হয়ে গেছে।’ তিনি বলেন, ৩০ বছরের ব্যবসায়িক জীবনে তাঁর কোনো শত্রু নেই।
পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ইসরাইল হোসেন আশঙ্কামুক্ত। অস্ত্রোপচার করে ইতিমধ্যে তাঁর ক্ষতস্থান থেকে একটি গুলি বের করা হয়েছে। বাকি তিনটি গুলি বের করতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হবে। তাঁর দুই হাঁটু, ডান বাহু ও বগলে একটি করে গুলি লেগেছে।
বিকেলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মহাম্মদ আশরাফ-উজ-জামান বলেন, খিলগাঁও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ছেলে-বাবা হতাহতের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে শরিফের লাশ শান্তিপুরের বাড়িতে নেওয়া হয়। লাশ দেখে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাঁর স্ত্রী আলপনা ইয়াসমিন লাশ দেখে মূর্ছা যান। স্বজনদের আহাজারিতে সেখানে পরিবেশ ভারী হয়ে ওঠে। বাদ আসর শান্তিপুর জামে মসজিদের সামনে জানাজা শেষে তাঁর লাশ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।
ইসরাইলের মামাতো ভাই ব্যবসায়ী এস এম সাঈদ সুফি বলেন, শরিফের বাবার সঙ্গে কথা বলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সুজাপুরে পারিবারিক কবরস্থানে শরিফের লাশ দাফন করা হবে।
শরিফের স্বজন ও শান্তিপুরের কয়েকজন বাসিন্দা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ছয়-সাতজন যুবক শান্তিপুর ফায়ার সার্ভিসের আশপাশে ঘোরাঘুরি করেছিল। তারাই ঘটনাটি ঘটিয়েছে। শরিফের কাছে টাকার ব্যাগ ছিল না। তাঁকেই প্রথমে গুলি করা হয়েছে। তাঁদের ধারণা, দুর্বৃত্তরা হয়তো আশপাশের। এ কারণে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সুরক্ষিত ও জনবহুল স্থানে তারা ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। ঘটনার পর তারা দৌড়ে চলে গেছে।
এলাকাবাসী জানান, শরিফ কারও সাতে-পাঁচে ছিল না। তাঁর কোনো শত্রুও ছিল না।
শান্তিপুর, তিলপাপাড়া ও আশপাশের বাসিন্দারা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে এলাকায় ছিনতাই হচ্ছে। কিন্তু পুলিশের টহল নেই। ছিনতাইয়ের ঘটনায় মামলা নেয় না পুলিশ। এলাকায় মাদক বেচাকেনাও বেড়েছে।