খিলগাঁওয়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তীরমোহনীর পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, নিহত যুবকের নাম নয়ন হোসেন (৩০)। বাবার নাম মোক্তার হোসেন। নয়ন নদী থেকে বালু তোলার ব্যবসা করতেন। তীরমোহনী গুদারা ঘাট এলাকার রুস্তম মাস্টারের বাড়িতে তাঁর পরিবার বাস করে।
নয়নের চাচা এলিম হোসেন জানান, গতকাল রাত নয়টার দিকে দুজন লোক বাসা থেকে নয়নকে ডেকে নিয়ে যায়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বপাড়া জিন্নাহর বাড়ির দক্ষিণ পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নয়নের গলা লুঙ্গি দিয়ে প্যাঁচানো, হাত পাটের চট দিয়ে পেছন থেকে বাঁধা, পা–ও বাঁধা। শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ন রয়েছে। বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ নিয়ে আসে পুলিশ।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নয়নের পরিবার।