খিলগাঁওয়ে গৃহকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকার একটি বাসা থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ফাতেমা খাতুন (১৬) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নন্দীপাড়ার ৩ নম্বর সড়কের ১০ নম্বরের বাসিন্দা মোহাম্মদ শাহাদত হোসেনের বসার ঘরের মেঝেতে থাকা গৃহকর্মী ফাতেমার লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ফাতেমা শাহাদতের বাসায় গৃহকর্মীর কাজ করত।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সীমা আক্তার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গৃহকর্তা শাহাদত বাদী হয়ে খিলগাঁও থানায় অপমৃত্যুর মামলা করেন। মামলায় বলা হয়, গতকাল বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ফাতেমা খাতুন। পরে তার মা টের পেয়ে সিলিং ফ্যান থেকে লাশ নামিয়ে আনেন।
ফাতেমার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিদপুরে। তার বাবা মৃত হাশেম আলী।