খিলগাঁওয়ে গৃহবধূ ছুরিকাহত, আজিমপুরে তরুণীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরে গত রোববার রাতে মো. রাজীব (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খিলগাঁওয়ে গতকাল সোমবার ভোরে নিজ বাসায় ছুরিকাহত হয়েছেন মৌসুমি আক্তার (৩০) নামের এক গৃহবধূ।
আজিমপুরে গতকাল বিকেলে পাঁচতলা থেকে পড়ে নাজাত ফাইজা (১৮) নামের এক তরুণী মারা গেছেন।
রাজীব খুন হন শ্যামপুরের কলিমুল্লাহবাগে। তিনি বিদ্যুতের তার কারখানার শ্রমিক ছিলেন। অবশ্য পুলিশ জানায়, রাজীবের সন্দেহভাজন খুনিরা স্থানীয় সন্ত্রাসী। এলাকায় চুরি-ছিনতাইয়ের মতো অপরাধে তাঁরা জড়িত। রাজীবও ওই সন্ত্রাসী দলের সদস্য হতে পারে।
রাজীবের স্ত্রী শিউলী আক্তার জানান, রাজীব রোববার রাত ১২টার দিকে কলিমুল্লাহবাগের বাসার সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্বামীর চিৎকার শুনে তিনি দৌড়ে বাসা থেকে বের হয়ে দেখেন রনিসহ রাজীবের কয়েকজন বন্ধু অস্ত্র হাতে চলে যাচ্ছেন। রক্তাক্ত রাজীবকে স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত তিনটার দিকে মারা যান। কী কারণে তাঁকে হত্যা করা হলো, সে বিষয়ে কিছু জানাতে পারেননি শিউলি।
শ্যামপুর থানার ওসি নূরে আযম বলেন, পুলিশ রক্তমাখা বেঞ্চটি আলামত হিসেবে জব্দ করেছে।
গৃহবধূ ছুরিকাহত: গতকাল ভোরে খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নিজ বাসায় ছুরিকাহত হন গৃহবধূ মৌসুমি আক্তার। তিলপাপাড়ায় একটি বাড়ির পাঁচতলায় থাকেন তিনি। তাঁর স্বজনেরা জানান, ভোর সাড়ে চারটার দিকে রাজীব নামের এক যুবক বাসায় ঢুকে মৌসুমিকে ছুরিকাঘাত করে। ছুরি ঢুকিয়ে মোচড় দেওয়ায় ফলা ভেঙে ভেতরে রয়ে যায়। ছুরির বাঁট নিয়ে পালিয়ে গেছেন রাজীব।
স্বজনেরা জানান, প্রথমে মৌসুমিকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সকাল সাতটার দিকে নিরাপত্তাকর্মী কবীর হোসেন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তরুণীর মৃত্যু: আজিমপুরে নিহত নাজাত ফাইজার স্বজনেরা জানান, গতকাল আজিমপুরে বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলেন নাজাত। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে তিনি লিফট না থাকায় এর ফোকর দিয়ে পাঁচতলা থেকে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নাজাত ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারে থাকতেন। তাঁর মা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে স্বজনেরা জানান। নাজাত চলতি বছর সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন।
লালবাগ থানার উপপরিদর্শক আক্তারুজ্জামান জানান, তাঁরা খবর পেয়ে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল থেকে নাজাতের লাশ উদ্ধার করে। তাঁর বন্ধু ও স্বজনেরা জানিয়েছেন, নাজাতের ওপর থেকে পড়ে যাওয়াটা দুর্ঘটনাবশত। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, নাজাত মৃগী রোগী ছিলেন বলে তাঁর বন্ধু ও স্বজনেরা জানিয়েছেন। পরিবার থেকে জানানো হয়েছে, এ কারণে তিনি মাথা ঘুরে লিফটের ফোকর দিয়ে নিচে পড়ে গেছেন।