খিলগাঁওয়ে দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় গতকাল বুধবার রাতে গুলিতে দুজন আহত হয়েছেন। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছে, খিলগাঁও রেলক্রসিং এলাকায় পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের পর পুলিশ গুলি করলে দুজন গুলিবিদ্ধ হন। তবে পুলিশ গুলি করার বিষয়টি অস্বীকার করেছে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মো. সানাউল্লাহ হক (২২) ও মো. জাফর (৪২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানান, সানাউল্লাহ বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঢাকা মেডিকেল থেকে রাতেই তাঁকে বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর মো. জাফরের ডান পায়ের হাঁটুতে ছররা গুলি লেগেছে।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত পৌনে নয়টার দিকে এই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। এঁদের একজন মুরাদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনেন। এ সময় তিনি সানাউল্লাহকে দৌড়ে রাস্তা পার হতে দেখেন। মুরাদের ধারণা, বিস্ফোরণের পরে পুলিশ গুলি করলে সানাউল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। সানাউল্লাহ কী করেন, সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি মুরাদ।
পায়ে গুলিবিদ্ধ মো. জাফর জানান, তিনি খিলগাঁও বাজারে আলমারি মার্কেটে একটি স্টিলের আসবাব তৈরির দোকানের কর্মী। তিনি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে জানতে শাহজাহানপুর থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক নাসিরউদ্দীন বলেন, ঘটনাস্থলে থানার উপপরিদর্শক আবদুর রশিদ রয়েছেন। তিনি রশিদের মুঠোফোন নম্বর দেন। এরপর ফোন করা হলে আবদুর রশিদ বলেন, খিলগাঁও ফ্লাইওভার থেকে কে বা কারা পর পর কয়েকটি ককটেল ছুড়ে মেরে পালিয়েছে। পুলিশ সেখানে কোনো গুলি ছোড়েনি।