খিলগাঁওয়ে নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা
খিলগাঁওয়ে গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুস সাত্তার (৪৫) নামের এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই একটি আবাসন প্রকল্পের নিরাপত্তাকর্মী।
খিলগাঁও থানার পুলিশ জানায়, খিলগাঁওয়ের মোস্তফা মাঝির মোড় এলাকার বালুর মাঠে একটি আবাসন প্রকল্পের বালু ভরাটের কাজ চলছিল। এর পাশেই থাকেন ওই নিরাপত্তাকর্মীরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে নিরাপত্তাকর্মীদের কুপিয়ে আহত করে। তাঁদের উদ্ধার করে গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুস সাত্তারকে মৃত ঘোষণা করেন। তিনি খিলগাঁওয়ের ত্রিমোহনীর বাসিন্দা। তাঁর বাবার নাম আক্কেল মিয়া। আহত কর্মীদের মধ্যে ইকবাল চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সহকর্মী মোস্তফা আলমগীর ও কামাল চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ত্যাগ করেছেন।
বালু ভরাটের দায়িত্বে থাকা ঠিকাদার আবদুল খালেক বলেন, কয়েক মাস ধরে মোস্তফা মাঝির মোড়ে বালু ভরাটের কাজ চলছে। একটি পক্ষ নানাভাবে বালু ভরাটে বাধা দেওয়ার চেষ্টা করছে। এর আগে যে ঠিকাদার ওই বালু ভরাটের দায়িত্ব পেয়েছিলেন, তাঁদের বাদ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নিরাপত্তাকর্মীদের ওপর তাঁরা হামলা চালান।