বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর দলের ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সেক্রেটারি মো. আহসান উল্লাহকে খুঁজে না পাওয়ার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, গত রোববার রাত ১১টায় আহসান উল্লাহকে তাঁর বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। কিন্তু গতকাল পর্যন্ত তাঁকে আদালতে সোপর্দ করা হয়নি। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছে। এ অবস্থায় তাঁর পরিবার-পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছেন।
বিবৃতিতে আরও বলা হয়, রোববার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুর রহমানকে পুলিশ গুলি করে মারাত্মকভাবে আহত করে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা গেছেন। এ ছাড়া গত রাতে রাজধানীর মিরপুরে শিবির নেতা এমদাদুল্লাহর জানাজা থেকে তিনজন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক